পোস্টার হাতে রাস্তায় নায়ক-নায়িকা!
সোমবার রাতের ঘটনা। রাজধানীর একটি ভবনের দেয়ালে ‘শান’ ছবির পোস্টার লাগাচ্ছেন একজন। চেহারা দেখতেই চমকে ওঠার পালা। আরে, এ যে স্বয়ং ছবির নায়ক সিয়াম আহমেদ। পরেই দেখা গেল, শুধু সিয়াম নন, আছেন নায়িকা পূজা চেরিও।
৭ জানুয়ারি ছবি মুক্তি পাচ্ছে। তাই পোস্টার লাগাতে ছবির দলের সঙ্গে এবার রাস্তায় নামলেন ছবির নায়ক-নায়িকা ও প্রযোজক। ‘টান’ ছবির শুটিংয়ে পুরান ঢাকায় ছিলেন ‘শান’ ছবির নায়ক সিয়াম। রাত ১২টার দিকে ‘টান’ ছবির পরিচালক রায়হান রাফিসহ সিয়াম ওই ছবির দলে যোগ দেন। এক হাতে ব্রাশ অন্য হাতে ডিব্বা ভর্তি আঠা নিয়ে বিএফডিসির সামনের রাস্তায় নেমে পড়লেন সিয়াম। বিএফডিসির ভেতরে ও বাইরের রাস্তার বিভিন্ন ভবনের দেয়ালে দিবাগত রাত দুইটা পর্যন্ত সিনেমার পোস্টার লাগালেন এই অভিনেতা।
সিয়াম বলেন, ‘“শান” ছবির কাজের শুরু থেকে শেষ পর্যন্ত; অর্থাৎ দর্শকের কাছে নিয়ে যাওয়া পর্যন্ত ছবির প্রতিটি কাজের সঙ্গে আমি থাকতে চাই। কারণ, কাজটি টিমের সবার মতো আমারও আপন। এই সিনেমার সঙ্গে দীর্ঘ সময়ের স্মৃতি। অনেক দিন ধরে আলোচনা চলে। অনেক পরিশ্রম করে কাজটি করেছি। ছবিটি করতে গিয়ে কখনো কখনো নির্মাতার সঙ্গে ঝগড়াও হয়েছে। তাই ছবির এ ধরনের ছোট ছোট কাজের সঙ্গে থাকাটাও আমার আনন্দের।’
সিয়াম আরও বলেন, ‘টিমের সদস্য হিসেবে যেসব ছেলে এই শহরের বিভিন্ন জায়গায় পোস্টার লাগাচ্ছেন, তাঁদের কাছে যেমন কাজটি দায়িত্ব, ছবির অংশ হিসেবে এই একই দায়িত্ব আমারও। গল্পের অংশ হিসেবে এই ছবির নামভূমিকায় হয়তো অভিনয় করেছি, কিন্তু এই ছবির সঙ্গে যাঁরাই যুক্ত, তাঁদের সঙ্গে আমার কোনো পার্থক্য নেই বলে মনে করি আমি।’
আগে এ ধরনের অভিজ্ঞতা হয়নি পূজা চেরির। তিনি বলেন, ‘পোস্টারগুলো খুব সুন্দর হয়েছে। নিজ হাতে যখন নিজের ছবিসহ সিনেমার পোস্টার দেয়ালে লাগাচ্ছিলাম, তখন কী যে আনন্দ লাগছিল! কারণ, সিনেমাটি আর কয়েক দিন পরেই হলে চলবে। কিছুটা চিন্তাও হচ্ছিল। মুক্তির পর ছবিটি নিয়ে দর্শকের প্রতিক্রিয়া কেমন হবে, এসব ভেবে।’
পোস্টার লাগানোর সময় কেমন লেগেছিল, উত্তরে সিয়াম বলেন, ‘শুটিংয়ের সময়ের স্মৃতি মনে পড়ছিল। পোস্টারে দৃশ্যের শটগুলো শুটিংয়ের কোন কোন মোমেন্ট থেকে নেওয়া হয়েছে, মোমেন্টটা শেষ করতে কতটুকু কষ্ট হয়েছে, এসব। একটি দৃশ্যের কথা বলি, ক্লাইমেক্সের দৃশ্য করেছি একটি বড় জঙ্গলের ভেতরে। প্রায় ১৮ ঘণ্টা কাজ করেছিলাম। ঠান্ডায় কাঁপছিলাম। পুরো শরীরে ব্লাড লাগানো। হাত আর চলছিল না। যখন ওই দৃশ্যের ছবিটি পোস্টারে দেখছিলাম, মনে হচ্ছিল রাস্তা দিয়ে যাওয়ার সময় লোকজন পোস্টার দেখবেন, তাঁরা জানবেনও না পোস্টারের দৃশ্যগুলোর পেছনের গল্প। পরিশ্রমের কাজটি আমরা মানুষকে দেখাতে যাচ্ছি। এ এক অদ্ভুত অনুভূতি।’
নায়ক-নায়িকার রাস্তায় নেমে পোস্টার লাগানো ছবির প্রচারের নতুন কৌশল কি না, জানতে চাইলে এই অভিনেতা বলেন, ‘অনেক দিন ধরে আমরা সিনেমার দর্শক হারিয়েছি। নতুন প্রজন্মের দর্শকদের হলে নিতে বোঝাতে চাই, আমরা কাজটি করার জন্য করিনি, আমরা আন্তরিকতা নিয়ে আপন ভেবে ছবিটি করেছি। নায়ক-নায়িকার পোস্টার লাগানো দেখে যদি একজন দর্শকও মনে করেন, তাঁরা এত শ্রম দিচ্ছেন, হলে গিয়ে দেখি আসি না তাঁরা কী বানিয়েছেন। ওই একজনও যদি সিনেমাটি দেখতে আসেন, সেটি কিন্তু টিমের সাফল্য। দর্শক ফেরাতে সময় লাগবে। আমরা যদি নতুনভাবে এখানে কাজ না করি, নতুন কাজ না দিই, তাহলে কেন আসবেন তাঁরা?’
এম রাহিম পরিচালিত ‘শান’ ছবিতে আরও অভিনয় করেছেন চম্পা, অরুণা বিশ্বাস, তাসকিন রহমান, ডন প্রমুখ।