প্রতিশ্রুতি রক্ষায় শুটিংয়ে ফিরলেন রিয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াজ
রিয়াজ

হৃদ্‌যন্ত্রে রিং (স্টেন্ট) পরানোর পর চিকিৎসকেরা রোগীকে পূর্ণ বিশ্রামেরই পরামর্শ দেন। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক রিয়াজকেও একই পরামর্শ দিয়েছিলেন তাঁর চিকিৎসক। কিন্তু প্রতিশ্রুতি রক্ষার তাগিদে বিছানার বদলে রিয়াজ এখন ক্যামেরার সামনে। আবারও শুটিং শুরু হয়েছে হঠাৎ থমকে যাওয়া ছবি কৃষ্ণপক্ষ’র। গত ১৯ অক্টোবর রাতে শুটিং চলাকালীন সময়ে অভিনেতা রিয়াজের হঠাৎ হার্ট অ্যাটাক হলে বন্ধ হয়ে যায় ছবিটির শুটিং। গতকাল রোববার ঢাকার উত্তরায় আবারও শুরু হয়েছে এ ছবির শুটিং। নায়ক রিয়াজও যোগ দিয়েছেন সেই শুটিংয়ে। তিনি আজ শুটিং করছেন পুবাইলে।
কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কৃষ্ণপক্ষ’ উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মাণ করছেন তাঁরই স্ত্রী মেহের আফরোজ শাওন। আর ছবিটি প্রযোজনা করছেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড।
প্রথম আলোর সঙ্গে আলাপে রিয়াজ বললেন, ‘কৃষ্ণপক্ষ’ ছবিতে আমার চরিত্রের এখন যে কাজ বাকি আছে, তার জন্য খুব একটা পরিশ্রম করতে হবে না। চিকিৎসকও আমাকে জানিয়েছেন, যে কাজটা আমি করতে পারব, তা করতে কোনো সমস্যা নাই। আমি চিকিৎসকের পরামর্শমতোই কাজ করছি। তা ছাড়া এই ছবির ক্ষেত্রে আমাদের সবারই একটা কমিটমেন্ট ছিল, যে করেই হোক ১৩ নভেম্বর ছবিটি মুক্তি দেওয়া চাই। কিন্তু আমার হঠাৎ অসুস্থতায় কাজটা যথাসময়ে শেষ করা সম্ভব হয়নি। যেহেতু এখন শারীরিকভাবে কিছুটা ভালো অনুভব করছি, তাই কাজটা শেষ করে দিতে চাই। জানি না, ভবিষ্যতে কী হবে!’
১৯ অক্টোবর সোমবার রাতে রাজধানীর উত্তরার হইচই শুটিংবাড়িতে ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের শুটিং চলার সময় রিয়াজ আকস্মিকভাবে হৃদ্‌রোগে আক্রান্ত হন। এরপর তিনি অ্যাপোলো হাসপাতালের কার্ডিওলজি বিভাগের পরামর্শক শাহাবুদ্দীন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।