প্রথম আলো কার্যালয়ে মিশা-জায়েদ-পপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো সম্পাদকের হাতে ফুলের শুভেচ্ছা তুলে দিচ্ছেন শিল্পী সমিতির নেতারা
প্রথম আলো সম্পাদকের হাতে ফুলের শুভেচ্ছা তুলে দিচ্ছেন শিল্পী সমিতির নেতারা

সৌজন্য সাক্ষাতের জন্য প্রথম আলো কার্যালয়ে এসেছিলেন শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সমিতির সাধারণ সম্পাদক নায়ক জায়েদ খান ও কার্যনির্বাহী কমিটির সদস্য নায়িকা পপি। 

শিল্পী সমিতির নির্বাচনের পর প্রথম আলো সম্পাদকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসে চলচ্চিত্রশিল্পের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন এই শিল্পী নেতারা। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক কথাসাহিত্যিক আনিসুল হক।
মিশা সওদাগর বলেন, যৌথ প্রযোজনার নামে বাংলাদেশের সিনেমা অঙ্গনকে গ্রাস করার চেষ্টা করছে একটি মহল। নিয়ম থাকা সত্ত্বেও নিয়ম না মেনে তাঁরা যৌথ প্রযোজনার ছবি নির্মাণ করছেন। এতে বাংলাদেশের সিনেমার ক্ষতি হচ্ছে, বঞ্চিত হচ্ছেন সাধারণ শিল্পীরা। বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের আন্দোলন নিয়ে জায়েদ খান বলেন, তাঁরা চান নিয়ম মেনেই যৌথ প্রযোজনার ছবি হোক। তথ্যমন্ত্রী তাঁদের সহযোগিতা করছেন না। তাঁরা এখন প্রধানমন্ত্রীর কাছে যাবেন।
উল্লেখ্য, যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণের নিয়ম লঙ্ঘনের অভিযোগ করে আসছিল চলচ্চিত্রের ১৬টি সংগঠনের সমন্বয়ে গঠিত সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিবার। তাঁদের দাবি, এসব ছবি বানানোয় সমান সংখ্যক শিল্পী, কলা-কুশলী এবং দুই দেশের সমান সংখ্যক শুটিং লোকেশন ব্যবহারের যে নিয়ম তা মানা হয়নি। তা ছাড়া দুই দেশের সরকারের অনুমতি না নিয়েই যৌথ প্রযোজনার ছবি ‘নবাব’ ও ‘বস ২’ তৈরি করা হয়েছে। এ ছাড়া ছবি দুটির প্রযোজকের কাছে একটি ইন্ডাস্ট্রি জিম্মি হয়ে পড়েছে বলেও মনে করেন তাঁরা।