প্রথম সেলফিতে শাকিব
আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খানের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি সেলফি পোস্ট করা হয়। সেখানে দেখা গেল, সাদা হুডি পরা শাকিবের চোখে সানগ্লাস, মাথায় শীতের টুপি। সোফায় হেলান দিয়ে বসে আছেন তিনি। সেলফির ক্যাপশনে লেখা, ‘আ সেলফ পোর্ট্রেট ফটোগ্রাফ।’ ছবিটির সূত্র ধরে কথা হয় ঢালিউডের জনপ্রিয় এই নায়কের সঙ্গে। তিনি বলন, নিউইয়র্কের বাসায় বসে এই ছবি তোলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকা শাকিব খান এখন কেমন আছেন, সেখানে কী করছেন—সে বিষয়ে বিস্তারিত না জানা গেলেও বোঝা গেল, সুন্দর সময় কাটছে তাঁর। শাকিব খান বলেন, ‘সেলফি তোলার অভ্যাস আমার একেবারেই নেই। মনে পড়ছে না, কখনো তোলা হয়েছে কি না। নিউইয়র্কে একজন নিকটাত্মীয়ের বাসায় বেড়াতে যাব, বাসা থেকে বের হওয়ার আগে মনে হলো সেলফি তুললে মন্দ হয় না। তোলার পর মনে হলো, ভক্তদের সঙ্গে শেয়ার করি। তাই ইনস্টাগ্রামে পোস্ট করা।’
এদিকে ভক্তরাও তাঁদের প্রিয় নায়কের সেই সেলফিতে মন্তব্য করে নিজেদের ভালো লাগা প্রকাশ করেন। বড় পর্দার জনপ্রিয় নায়ক শাকিব খান বরাবরই নিজেকে আড়ালে রেখেছেন। তবে কয়েক বছর ধরে ফেসবুক–ইনস্টাগ্রামের কারণে তাঁর কাজের আপডেট পেয়ে থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের জীবনের সুন্দর মুহূর্ত আর ইতিবাচক খবরগুলো ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন।
গত বছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যান শাকিব খান। এরপর তিনি ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডেও অতিথি হিসেবে গিয়েছিলেন। দুটি অনুষ্ঠানে তাঁকে সম্মানিত করা হয়। সম্প্রতি তাঁকে যুক্তরাষ্ট্রের বাংলা ভাষাভাষীদের সবচেয়ে বড় উৎসব ‘ভারতীয় বঙ্গ সম্মেলন’–এ বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে। চলতি বছরের ১ থেকে ৩ জুলাই যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে এবারের আসর বসছে। উৎসবটি নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স (এনএবিসি) নামেও পরিচিত। জানা গেছে, মার্চের শেষ সপ্তাহে শাকিব খান ঢাকায় ফিরবেন।