‘প্রবাসীদের দেশের সিনেমা দেখানোর চেষ্টা করছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার মিশন এক্সট্রিম মুক্তি পেতে যাচ্ছে মালয়েশিয়ার প্রেক্ষাগৃহে। ১১ মার্চ থেকে কুয়ালালামপুরের টিজিবি সিনেমাস কোম্পানির ‘কে এল সি সি’ শাখায় দেখানো হবে এই চলচ্চিত্র। পর্যায়ক্রমে প্রেক্ষাগৃহের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানালেন অন্যতম পরিচালক সানি সানোয়ার।

গত বছরের ৩ ডিসেম্বর দেশের ৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সানি সানোয়ার ও ফয়সাল আহমেদের মিশন এক্সট্রিম

পরিচালক সূত্রে জানা গেছে, মালয়েশিয়ায় মিশন এক্সট্রিম চলচ্চিত্র পরিবেশনার দায়িত্বে আছে বঙ্গজ ফিল্মস। এই প্রতিষ্ঠানের কর্ণধার তানিম আল মিনারুল মান্নান জানান, মালয়েশিয়ায় নিয়মিত বাংলা সিনেমা প্রদর্শনের যাত্রা শুরু হয়েছে। এই দেশে বসবাসকারী বাংলাভাষীদের ইতিবাচক সাড়া পেলে প্রতি মাসেই বিভিন্ন সিনেমা হলে বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র দেখানোর ব্যবস্থা করা হবে। তিনি আরও জানান, সিনেমাটি প্রদর্শনের সময়সূচি এবং টিকিট পাওয়া যাবে এই ওয়েব সাইটে।

চলচ্চিত্রের পরিচালক সানি সানোয়ার বললেন, ‘প্রবাসীদের দেশের সিনেমা দেখানোর চেষ্টা করছি।’ আশা করি, মালয়েশিয়ার বাংলাদেশি দর্শকেরা সেই প্রচেষ্টায় শামিল হয়ে মিশন এক্সট্রিম দেখবেন। তাহলে সব সিনেমা বিদেশে মুক্তির পথ উন্মুক্ত হবে।’

‘মিশন এক্সট্রিম’ ছবিটির ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে জান্নাতুল ঐশী, সানী সানোয়ার এবং আরিফিন শুভ

এর আগে গত ৩ ডিসেম্বর বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও অস্ট্রেলিয়া মুক্তি পেয়েছে মিশন এক্সট্রিম। সিনেমাটির অন্যতম পরিচালক সানী সানোয়ার বলেন, ‘মিশন এক্সট্রিম ছবিটি নিয়ে দেশের বাইরের দর্শকের আগ্রহে আমরা আশাবাদী। আমরা আনন্দিত। দেশে দিন দিন সিনেমা ব্যবসার গতি স্লথ হলেও বিদেশে রয়েছে অবারিত সম্ভাবনা। আমরা সেই ভরসায় এগিয়ে যাচ্ছি।’

মিশন এক্সট্রিম ছবিতে শুভ ও ঐশী
ছবি : সংগৃহীত

কিছুদিনের মধ্যেই সংযুক্ত আরব আমিরাত, ভারত ও ইতালিতে মুক্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান সিনেমাটির অপর পরিচালক ফয়সাল আহমেদ। কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত মিশন এক্সট্রিম চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। এ ছাড়া তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত রয়েছেন। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, দীপু ইমাম প্রমুখ।