হাঁটুর বয়সী মেয়েদের নায়ক!
‘আবার বসন্ত’ ছবিতে অর্চিতা স্পর্শিয়া তার প্রেমিকা। দিন কয় আগে একটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘মেকআপ’ ছবিতে তিনি নিপা আহমেদ রিয়েলির নায়ক। গতকাল জানা গেল, ‘অন্তরালে’ নামের একটি ওয়েব ফিল্মে নায়িকা পরীমনির দূরবয়সী স্বামী হচ্ছেন তারিক আনাম খান। ’৭৩-’৭৪ সালে তিনি যখন অভিনয় শুরু করেছিলেন, এই তিনজনের কারোরই তখন জন্মই হয়নি। বাইরে অসম সম্পর্ক নিয়ে চলচ্চিত্র-সিনেমাটা ডালভাত হয়ে গেলেও আমাদের এখানে ট্রেন্ডটা একেবারেই নতুন। নতুন এই ধারায় অপরিহার্য এক নায়ক হয়ে উঠছেন তারিক আনাম খান।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নন্দিত এই অভিনেতার সঙ্গে এই প্রসঙ্গেই কথা হচ্ছিল গতকাল শুক্রবার। তিনি মজা করে বললেন, কদিন বাদে লোকে হয়তো বলবে, হাঁটুর বয়সী মেয়েদের নায়ক, এই যেমন স্পর্শিয়া বা ২০ পেরোনো নবাগত রিয়েলি! এসবে হয়তো ক্ষণিক হাস্যরসের খোরাক তৈরি করবে। কিন্তু দীর্ঘ মেয়াদে ঘটবে এক অসাধারণ ঘটনা। এই নবীন, নবিশ অভিনয়শিল্পীরা একজন অভিজ্ঞ শিল্পী ও শিক্ষকের হাত ধরে শিখে ফেলবেন যে তাঁকে প্রতিনিয়ত শিখে যেতে হবে। এই যেমন সেদিন গাড়িতে করে নিপা আহমেদ রিয়েলিকে নিয়ে এক স্পট থেকে আরেক শুটিং স্পটে যাচ্ছিলেন তারিক আনাম খান। একসময় আলাপে আলাপে নবীন নায়িকা আফসোস করে বললেন, ‘অভিনয়টা শিখে আসতে পারলে খুব ভালো হতো!’ ছবির নায়ক সেই মুহূর্তটা স্মরণ করে বললেন, ‘এখানেই হয়তো আমার সার্থকতা।’
তরুণদের নিয়ে কাজ করতে গিয়ে টুকিটাকি নানা কিছু তাঁদের শেখাতে হচ্ছে। তারিক আনাম খান বলেন, ‘অভিনয় তো একটা ঘটনার নির্যাস। যে ইমোশনটা তাদের থেকে চাই, সেটা কীভাবে পাওয়া যাবে, অভিনয়ের উত্থান-পতন, কীভাবে অ্যাকটিংয়ের যুক্তিগুলো তৈরি হয়—এসব টেকনিক শিখিয়ে দিই। বোঝাতে চেষ্টা করি, অ্যাকটিং মানেই কীভাবে রিঅ্যাকটিং, এতে ভবিষ্যতে যদি তাদের কিছুটা উপকার হয়। আমি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নই, ব্যবহারিক অভিনয়ের মানুষ।’
বড় শিল্পীর সঙ্গে কাজ করা তরুণদের জন্য সহজ কথা নয়। বড়দের থেকে শিক্ষা নিতেও ন্যূনতম জানা-বোঝার প্রয়োজন। ফলে তারিক আনাম খানের সঙ্গে কাজের এ সুযোগ কি কাজে লাগাতে পারছেন তরুণেরা? তারিক আনাম খান বলেন, ‘অনেকে ভয় পায়। ভাবে সিনিয়র আর্টিস্ট, অ্যাওয়ার্ড পাওয়া মানুষ...কিন্তু আমি তাদের সঙ্গে সহজ হতে চেষ্টা করি। ’৭৩-’৭৪ সালে আমরা যখন শুরু করেছিলাম, কারও না কারও হাত ধরে শিখেছি। হয়তো এখন কিছুটা পরিশীলিত হয়েছি। তারা যদি কিছুটা শিখে ভালো করে, পুরো প্রোডাকশনটাই ভালো হবে, তাতে সবারই লাভ।’
নতুন প্রযোজনাটি প্রসঙ্গে তারিক আনাম খান বলেন, ‘আমাদের লক্ষ্য একটি ভালো টিম গড়া। কারণ, সিনেমা এক যৌথ শিল্প। এখানে পরিচালক বা চিত্রগ্রাহকই সর্বেসর্বা নন। টিমের সবাই যদি মনে করেন যে আমরা একটি মিশনে আছি, জীবনের একটি গল্প সুন্দর করে বলব, তাহলে অনেকাংশে সফল হওয়া যায়। আমাদের উপমহাদেশের অনেক কনটেন্ট দেখলে বোঝা যায় যে তাদের টিমওয়ার্ক কতটা সমৃদ্ধ ও পরিকল্পিত ছিল। আমার নিশ্চয়ই কোনো না কোনো দিকে খামতি আছে, অন্যের নিশ্চয়ই কোনো না কোনো দিকে অভিজ্ঞতা বেশি। সবার সম্মিলিত শেয়ারিংয়ে একটি ভালো কাজ বের হয়ে আসে।’