প্রমাণ হয়ে গেল, দেশের মানুষ বাংলা সিনেমাকে কত ভালোবাসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইলিয়াস কাঞ্চন ও নিপুণ পরিষদ থেকে বিজয়ী হয়েছেন ইমন
ছবি: ফেসবুক থেকে

নির্বাচনের বিরতি শেষে গতকাল রোববার থেকে শুটিংয়ে ফিরেছেন চিত্রনায়ক মামনুন ইমন। তবে এখনো নির্বাচনের আমেজ শেষ হয়নি। শুটিংয়ে ক্যামেরার সামনে থেকে একটু সরলেই ঘুরেফিরে আসছে নির্বাচন। তাঁর সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন সাধারণ মানুষ। এই অভিনেতা মনে করেন, এবার প্রমাণ হয়ে গেল, দেশের মানুষ বাংলা সিনেমাকে কত ভালোবাসেন। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাংস্কৃতিক ও ক্রিয়াবিষয়ক সম্পাদক পদে জয়ী হয়েছেন এই অভিনেতা।

নির্বাচন শেষে ইমন ফিরেছেন ‘কাগজ’ সিনেমার শুটিংয়ে
ছবি: ফেসবুক থেকে

ইমন বলেন, ‘দুই দিন ধরে লঞ্চে ঘুরে ঘুরে শুটিং করছি। যেখানেই যাচ্ছি, সবাই নির্বাচন নিয়ে কথা বলছেন। অনেকেই জয়ী হওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছেন। কেউ কেউ বলছেন, “ভাই, নির্বাচনে আপনার জন্য কিছু করতে পারিনি, আমার এখানে শুটিং করেন।” তাঁদের থাকার জায়গায় শুটিং করতে বলছেন। যেটা আগে অনেকেই বিরক্ত মনে করতেন। আবার হোটেলের বয় বড় মাছটা এনে দিচ্ছেন। এটা চলচ্চিত্রশিল্পীদের প্রতি দর্শকদের ভালোবাসা। আর নির্বাচনের দিন দেশ–বিদেশ থেকে প্রতিমুহূর্তে ফোন পেয়েছি। সারা দেশের মানুষের আগ্রহ ছিল নির্বাচন নিয়ে। আমার জীবনে মনে হয় না শিল্পী নির্বাচন ছাড়া অন্য কিছু নিয়ে এত আলোচনা হয়েছে। এবার প্রমাণ হয়ে গেল, দেশের কোটি মানুষ বাংলা সিনেমাকে কত ভালোবাসেন।’

নির্বাচনী প্রচারুণায় সরব ছিলেন ইমন
ছবি: ফেসবুক থেকে

ইলিয়াস কাঞ্চন ও নিপুণ পরিষদ থেকে বিজয়ী হয়েছেন তিনি। সবার সহযোগিতা নিয়ে সব শিল্পীর জন্য কাজ করতে চান এই নায়ক। তিনি মনে করেন, প্রত্যেক শিল্পীর অবসর সময়ে খেলা ও সাংস্কৃতিক চর্চা করা উচিত। ঘুরেফিরে ইমন আবার ফিরে গেলেন নির্বাচন প্রসঙ্গে। তিনি বলেন, ‘অনেক মানুষ ফোন দিয়ে বলেছেন, তাঁরা ভোট দিতে পারবেন কি না। কিন্তু এটা তো সম্ভব নয়। আমাদের সঙ্গে দেশের অনেক মানুষও সারা রাত জেগে ছিলেন ফলাফল শোনার জন্য। শিল্পী সমিতির নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ দেখে মনে হয়েছে, দেশের ফিল্মটা শেষ হয়ে যায়নি, চাইলে এটাকে ফিরিয়ে আনা যায়। সেই জোয়ার আমরা বুঝতে পেরেছি।’

সবার সহযোগিতা নিয়ে সব শিল্পীর জন্য কাজ করতে চান এই নায়ক
ছবি: ফেসবুক থেকে

নির্বাচন শেষে ইমন ফিরেছেন ‘কাগজ’ সিনেমার শুটিংয়ে। সিনেমার শেষ অংশের দৃশ্যধারণ চলছে। গতকাল থেকে পুরো শুটিং হচ্ছে লঞ্চে। মঙ্গলবার সকালে শুটিং শেষে লঞ্চ বরিশাল থেকে ঢাকায় ফিরবে। এর মধ্য দিয়েই শেষ হবে সিনেমাটির শুটিং। গত অক্টোবরে ট্রেনে শুরু হয়েছিল ‘কাগজ’ সিনেমার শুটিং। ইমন বলেন, ‘সিনেমাটিতে দেখা যাবে, আমি অনেক জনপ্রিয় একজন লেখক। যার গল্প দিয়ে নিয়মিত সিনেমা ও ওয়েব ফিল্ম তৈরি হয়। বাজারে তার লেখার কাটতি রয়েছে। সে কাগজের ব্যবসা করে। হঠাৎ করেই একটি ঘটনায় তার জীবন বদলে যায়।’ রোমান্টিক থ্রিলার সিনেমাটিতে ইমনের সহশিল্পী শহীদুজ্জামান সেলিম, আইরিন, এলিনা শাম্মী। সিনেমাটির পরিচালক জুলফিকার জাহেদী।