প্রযোজক সমিতির কমিটি বাতিলের সিদ্ধান্ত স্থগিত
বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির ২০১৯-২০২১ মেয়াদের কার্যনির্বাহী কমিটি বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। আগামী ৭ জানুয়ারি পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। গত মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন ও রুল জারি করেন বলে জানান প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।
আদালতে রিটকারীর পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন ব্যারিস্টার ইফতাবুল কামাল, ব্যারিস্টার অনিক আর হক ও ব্যারিস্টার নাজিরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশিষ ভট্টাচার্য ও সহকারী অ্যাটর্নি জেনারেল নাসিম ইসলাম রাজু। প্রযোজক সমিতির সদস্য জায়েদ খানের অভিযোগের ভিত্তিতে নির্বাচনে অনিয়মের কারণে ১৭ নভেম্বর বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির ২০১৯-২০২১ মেয়াদের কার্যনির্বাহী কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়। ২০১৯-২০২১ মেয়াদের কার্যনির্বাহী কমিটির সভাপতি খোরশেদ আলম খসরু ও সাধারণ সম্পাদক শামসুল আলমের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়া এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সংঘবিধি ও সংঘস্মারকের ৫(৫) ধারা লঙ্ঘনের সত্যতা পায় বাণিজ্য মন্ত্রণালয়
এদিকে ১৯৬১–এর ১০ ধারা মোতাবেক বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার নূরুল হককে সংগঠনের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছিল। দায়িত্ব গ্রহণের ১২০ দিনের মধ্যে সংগঠনের দৈনন্দিন কাজ পরিচালনাসহ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করার কথা তাঁর। পরে বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মঙ্গলবার সকালে হাইকোর্টে রিট করেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।