প্রশংসা পাচ্ছে ‘শান’-এর মোশন পোস্টার

আগামী বছরের ৭ জানুয়ারি মুক্তি পাবে ‘শান’সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ নভেম্বর রাতে ফেসবুকে প্রকাশিত হয়েছে ‘শান’ ছবির প্রথম অফিশিয়াল মোশন পোস্টার। প্রকাশের পর থেকেই ফেসবুকে চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপে পোস্টারটি ঘুরে বেড়াচ্ছে। পোস্টারটির নিচে মন্তব্যের ঘরে ছোট পর্দা, বড় পর্দার পরিচালক ও অভিনয়শিল্পী থেকে শুরু করে ছবির কলাকুশলীদের ভক্ত-অনুরাগীরা এটির প্রশংসা করছেন।
ছবির প্রধান অভিনেতা সিয়ামের ফেসবুক পেজে শেয়ার করা পোস্টারটির নিচে নির্মাতা নুহাশ হ‌ুমায়ূন লিখেছেন, ‘ড্যাম ব্রো, লুকস এপিক।’ আরেক নির্মাতা রায়হান রাফি লিখেছেন ‘ওয়াও।’ নির্মাতা কৌশিক শংকর দাশের মন্তব্য, ‘ব্রিলিয়ান্ট, অল দ্য বেস্ট।’

ভক্ত-দর্শক থেকে শুরু করে নাটক ও চলচ্চিত্রের অনেক সহশিল্পীর প্রশংসাই নজরে এসেছে বলে জানান সিয়াম, ‘পোস্টারটি দেখে সবার ভালো লাগার প্রতিক্রিয়া দেখতে পারছি, বুঝতে পারছি। একটা বড় ধামাকার জন্য অপেক্ষা করছেন তাঁরা। দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের সেই প্রত্যাশা মাথায় রেখে আমরাও সময় নিয়ে কাজটি করেছি। কাজের ক্ষেত্রে কোনো আপস করিনি।’

সিয়াম
সংগৃহীত

ছবির পরিচালক এম এ রাহিম জানান, মুক্তির আগপর্যন্ত নতুন আরও অনেক কিছুই দেখতে পাবেন দর্শক। তিনি বলেন, ‘প্রচারের জন্য ছবির নানা ধরনের কনটেন্ট নিয়ে একটা প্যাকেজ তৈরি করা হয়েছে। ধীরে ধীরে প্রকাশ করা হবে। দর্শকদের জন্য সেখানে অনেক সারপ্রাইজ আছে।’ ছবিটির প্রধান চরিত্রগুলোর আলাদা আলাদা লুক প্রকাশের কথা আছে।

ফেসবুক ও ইউটিউবে পর্যায়ক্রমে ছবির ট্রেলার ও গান প্রকাশিত হবে
সংগৃহীত

ফেসবুক ও ইউটিউবে পর্যায়ক্রমে ছবির ট্রেলার ও গান প্রকাশিত হবে। তবে সব কটি গান নয়। কয়েকটি গান সিনেমা হলে বসেই প্রথম দেখবেন দর্শক, জানালেন পরিচালক।

সিয়াম
সংগৃহীত

সিয়াম ছাড়াও ‘শান’ ছবিতে অভিনয় করেছেন পূজা চেরি, তাসকিন, চম্পা, অরুণা বিশ্বাস, হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের, ডন, আরমান পারভেজ মুরাদ প্রমুখ।
আগামী বছরের ৭ জানুয়ারি মুক্তি পাবে ‘শান’।