ফাঁকা এফডিসি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এফডিসির বন্ধ গেট ছবি প্রথম আলো
এফডিসির বন্ধ গেট ছবি প্রথম আলো

সিনেমা হলের সামনে এখনো কমেনি সিনেমাপ্রেমেীদের ভিড়। বহুদিন পর বাংলাদেশের সিনেমা হলের সামনে এমন দৃশ্য দেখছে সবাই। কিন্তু সিনেমা তৈরির কারখানা বলে পরিচিতি এফডিসিতে শুরু হয়নি ঈদ-পরবর্তী ব্যস্ততা। নয় দিন পেরিয়ে গেলেও এফডিসিতে নেই কোনো নায়ক-নায়িকার দেখা। কেউবা হঠাৎ করে এলেও প্রয়োজন সেরে বেরিয়ে যান। পুরো এফডিসির কোথাও শোনা যাচ্ছে না ‘লাইট, ক্যামেরা, অ্যাকশন, কাট’। বৃহস্পতিবার এফডিসি ঘুরে তেমনটাই মনে হয়েছে। কারও মনে হতে পারে, অচেনা কোথাও চলে এলাম না তো? অথচ এই এফডিসিতে শুটিংয়ের সময় নায়ক-নায়িকা, পরিচালক-প্রযোজকের গাড়ির আনাগোনার পাশাপাশি থাকে বিভিন্ন সংবাদমাধ্যমের সংবাদকর্মীদের ব্যস্ততা। সবার পদচারণে মুখর এফডিসি এখনো ফাঁকাই বলা চলে। শুটিংয়ে জমজমাট এফডিসিকে দেখতে সময় লাগবে আরও দু-একদিন। চলচ্চিত্রপাড়া ঘুরে তেমনটাই আভাস মিলল।

বিএফডিসির প্রধান ফটক বন্ধ! মূল ফটকের পাশে পকেট গেটটি খোলা। হর্ন বাজাতেই ভেতর থেকে নিরাপত্তাপ্রহরী উঁকি দিয়ে দেখলেন আর বললেন, ‘এখনো তো শুটিং শুরু হয়নি।’ ভেতরে ঢোকার পর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের অন্য একজন বললেন, দেশের যে অবস্থা, তাতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে বাধ্য হয়েছে এফডিসি কর্তৃপক্ষ। যেমনটা এর আগে দেখা যায়নি।
সামনের দিকে এগিয়ে যেতে চোখ পড়ল ৩ ও ৪ নম্বর ফ্লোরের দিকে। কোথাও কোনো শুটিং নেই। পার হয়ে প্রযোজক সমিতির ভবনের সামনে গেলাম। ভেতরে ঢুকতেই দেখা প্রযোজক ও পরিচালক গাজী মাহবুবের সঙ্গে। তিনি তখন অভিনয়শিল্পী মিজু আহমেদের সঙ্গে গল্প করছিলেন। বললেন, ‘প্রাণের টানে এখানে আসতে হয়। তাই ঢুঁ মারতে এলাম।’

এফডিসি এখনও ​নীরব ছবি প্রথম আলো
এফডিসি এখনও ​নীরব ছবি প্রথম আলো

শিল্পী সমিতির সামনে দেখা পরিচালক ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের সঙ্গে। তিনি এসেছেন তাঁর নতুন ছবি ‘বাষ্পস্নান’-এর ডাবিংয়ের কাজে। বললেন, ‘সামনের কোনো একটি সুবিধাজনক সময়ে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি। সে জন্য দ্রুত শুটিং-পরবর্তী কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তাঁর সঙ্গে কথা শেষ হতে না হতে দেখা মোহাম্মদ হোসেন জেমীর সঙ্গে। ঈদের পর সেদিনই তিনি এফডিসিতে এসেছেন।
৪ নম্বর ফ্লোরের সামনে দাঁড়িয়ে কয়েকজন লোক মোবাইলে ছবি তুলছেন। ক্যানটিনের দিকে যেতেই চিরচারিত সেই আড্ডা চোখে পড়ল। মোটরসাইকেলে চড়ে এসে হাজির হলেন প্রযোজক মোহাম্মদ ইকবাল। কথা প্রসঙ্গে জানালেন, রোববার থেকে এফডিসিতে তাঁর নতুন ছবি ‘শুটার’–এর শুটিং শুরু হবে। সেটারই প্রয়োজনে তিনি এসেছেন।
পরিচালক সমিতির সামনে কয়েকজন দর্শনার্থীর দেখা পাওয়া গেল। ঢাকায় বেড়াতে এসেছেন তাঁরা। এ সুযোগে এফডিসিও ঘুরে দেখে যাচ্ছেন। পরিচালক সমিতির ভেতরে পরিচিত কোনো পরিচালকের দেখা পাওয়া গেল না। কর্মচারীদের একজন জানালেন, ঈদের রেশ কাটিয়ে এখনো সেই আগের শুটিং ব্যস্ততাপূর্ণ পরিবেশে এফডিসি ফিরতে পারেনি। কয়েক দিনের মধ্যেই শুটিংয়ে মুখরিত হয়ে উঠবে এফডিসি প্রাঙ্গণ।