ফেরদৌসের আফসোস

দুই বাংলার জনপ্রিয় অভিনয়শিল্পী ফেরদৌস। অভিনয় করে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ক্যারিয়ারের শুরু থেকে এ পর্যন্ত অনেক ছবিতে কাজ করেছেন। এসব ছবির মধ্যে তিনটি ছবিতে কাজ করেছেন বাংলাদেশের তিন অঙ্গনের তিনজন বিখ্যাত ব্যক্তির সঙ্গে। ছবিগুলো হচ্ছে—২০০৯ সালে নির্মিত দুই বেয়াইয়ের কীর্তি (আবদুল্লাহ আল মামুন), ২০১০ সালে নির্মিত জলরং (সৈয়দ শামসুল হক) এবং ২০১১ সালে নির্মিত নয়-ছয় (কাওসার আহমেদ চৌধুরী)। দুঃখজনক হচ্ছে, তিন অঙ্গনের এই তিনজন বিখ্যাত ব্যক্তির সঙ্গে অভিনয় করা ছবিগুলোর একটিও এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি। বিষয়টি নিয়ে ফেরদৌসের আফসোসের শেষ নেই। কবে নাগাদ ছবিগুলো মুক্তি পাবে তারও কোনো নিশ্চয়তা দিতে পারছেন না ফেরদৌস।
এ প্রসঙ্গে প্রথম আলোকে ফেরদৌস বললেন, ‘অনেক আগে ছবিগুলোর কাজ শেষ করেছি। এই ছবিগুলোতে আমি কাজ করেছি পছন্দের কয়েকজন গুণী মানুষের সঙ্গে। ছবিগুলো নিয়ে তাই প্রত্যাশাটাও একটু অন্য রকম। কিন্তু মুক্তি পাওয়ার ক্ষেত্রে এত সময় লাগায় আফসোস হচ্ছে।’
বাসু চ্যাটার্জির কাহিনিতে এবং নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় গত বছরের শেষ দিকে ফেরদৌস অভিনীত ‘এক কাপ চা’ ছবিটি মুক্তি পায়। এটি ছিল ফেরদৌস প্রযোজিত প্রথম চলচ্চিত্র। এদিকে ফেরদৌস আরেকটি নতুন চলচ্চিত্র প্রযোজনার কিছু কাজ এগিয়ে রেখেছেন। ছবির নাম ‘বিয়ের ফাঁদে’।