ফেরদৌসের চায়ের দাওয়াতে শাকিব

দেশবাসীকে ‘এক কাপ চা’-এর দাওয়াত দিচ্ছেন ফেরদৌস। পোস্টার ও বিলবোর্ডসহ আরও নানা উপায়ে নিজের প্রযোজিত প্রথম ছবি ‘এক কাপ চা’-এর জোর প্রচারণা চালাচ্ছেন তিনি। একটু অন্যভাবে বন্ধু ও সহকর্মী শাকিব খানকেও ‘এক কাপ চা’-এর দাওয়াত দিয়েছিলেন ফেরদৌস। আর বন্ধুর দাওয়াতে সানন্দেই সাড়া দেন শাকিব। ফেরদৌস প্রযোজিত ‘এক কাপ চা’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন শাকিব। এ জন্য বন্ধুর প্রতি কৃতজ্ঞতার শেষ নাই ফেরদৌসের।
ফেরদৌস বলেন, ‘বাংলা চলচ্চিত্রের অনেক ব্যস্ত তারকা শাকিব। তার শিডিউল পেতে নির্মাতাদের হিমশিম খেতে হয়। অথচ আমার প্রযোজিত প্রথম ছবিতে নিজ ইচ্ছেতেই অতিথি চরিত্রে অভিনয় করেছে সে। এটা সত্যিই অনেক আনন্দের। অতিথি চরিত্রে অভিনয় করে আমার প্রতি সে যে ভালোবাসা দেখাল, তার কোনো তুলনা হয় না।’
‘এক কাপ চা’ ছবিতে শাকিব খানের অতিথি হিসেবে উপস্থিত থাকার ব্যাপারটিকে চমক বলেও অভিহিত করতে চান ফেরদৌস। বললেন, ‘সারা দেশে শাকিব খানের অনেক ভক্ত রয়েছেন। তাঁদের জন্য ব্যাপারটি অনেক বেশি চমকপ্রদ হবে।’
২৮ নভেম্বর ঢাকাসহ সারা দেশে অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ফেরদৌস প্রযোজিত প্রথম ছবি ‘এক কাপ চা’। এতে শাকিব খান ছাড়াও বাংলা চলচ্চিত্রের অনেকেই অতিথি চরিত্রে অভিনয় করেছেন। এ জন্য সবার প্রতি ফেরদৌস ভীষণভাবে কৃতজ্ঞ। বললেন, ‘প্রযোজক হিসেবে এটা আমার প্রথম ছবি। আর আমার প্রযোজিত প্রথম ছবিতে আমার সহশিল্পী, বন্ধু, কলাকুশলীরা সবাই নিজেরা উদ্যোগী হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বাংলা চলচ্চিত্রের সেরা কিছু মানুষ “এক কাপ চা” ছবিতে যুক্ত হয়েছেন।’
ফেরদৌস এও বলেন, ‘নিশ্চিতভাবে বলতে পারি, ছবির গল্পের প্রয়োজনে যেখানে যা দরকার তার সবই করা হয়েছে। সবকিছু মিলিয়ে চেষ্টা করেছি ভালো মানের একটি ছবি উপহার দেওয়ার।’
কলকাতার বাসু চ্যাটার্জির কাহিনিতে ‘এক কাপ চা’ ছবিটির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল।