ফেসবুক নিয়ে বিব্রত ফেরদৌস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস
চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস

সম্প্রতি চলচ্চিত্র অভিনেতা ফেরদৌসের নামে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউ​ন্ট থেকে গুজব ছড়ানো হয়েছে যে, এই অভিনেতা অসুস্থ এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে বিব্রত ফেরদৌস স্পষ্ট ভাষায় সবাইকে জানিয়েছেন, তিনি সুস্থ আছেন। এবং তাঁর অসুস্থতার বিষয়টি কেউ তাঁর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট বানিয়ে গুজব ছড়িয়েছে। আজ বুধবার সকালে মুঠোফোনে প্রথম আলোকে এসব কথা জানান তিনি।

‘ফেসবুকে আমার কোনো অ্যাকাউন্ট নেই। কখনোই ছিল না। আমার নামে যেসব অ্যাকাউন্টগুলো দেখেন, তার সবই ভুয়া। এগুলোর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই।’ বললেন চিত্রনায়ক ফেরদৌস।

ফেরদৌসের নামে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে জানানো হয়েছে, ফেরদৌস গুরুতর অসুস্থ, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ পোস্ট দেখে ফেরদৌসকে তাঁর আত্মীয়স্বজন, কাছের মানুষজন, বন্ধু আর বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীরা ফোন করছেন। জানতে চাচ্ছেন তাঁর সর্বশেষ অবস্থা।

ফেরদৌস বলেছেন, ‘আমি এখন আছি রাজবাড়িতে। ফোন রিসিভ করতে করতে হাঁপিয়ে উঠেছি। আমি খুবই বিব্রত হয়েছি। সবাইকে জানাতে চাচ্ছি, আমি ভালো আছি, কাজ করছি।’