ফেসবুকে ছবির প্রচারণা ঘিরে আলোচনা ও সমালোচনায় তারকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদে মুক্তি পেয়েছে এই তিনটি ছবি
ছবি: সংগৃহীত

ঢালিউড সিনেমা প্রচারে নেই অনেক ঢালিউডের অনেক তারকারা। তবে কেউ কেউ বর্তমান সিনেমা ইন্ডাস্ট্রির কথা ভেবে প্রচারণায় সরব রয়েছেন। যদিও এই সংখ্যা সীমিত। তবে গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া শাকিব, সিয়াম, বুবলি, পূজাদের সিনেমা ঘিরে ঢালিউড তারকারা অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণায় সরব ছিলেন। গতকাল থেকে মুক্তি পাওয়া ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘দিন : ‘দ্য ডে’, ‘সাইকো’, ‘পরাণ’ সিনেমা ঘিরে তারকাদের সেই বাড়তি আগ্রহ কম। কেউ কেউ প্রচারণায় থাকলেও সমালোচনা–প্রশংসা দুটিই পাচ্ছেন তারকারা।

সিয়াম আহমেদ অভিনীত ‘শান’ সিনেমা গত বছর ঈদে মুক্তি পেয়েছিল। এবার ঈদে তাঁর কোনো সিনেমা মুক্তি পায়নি। ফেসবুকে এবার ঈদুল আজহায় মুক্তি পাওয়া তিনটি সিনেমার জন্য শুভকামনা জানিয়ে লিখেছেন, ‘ঈদে নতুন সিনেমা দেখার আনন্দই আলাদা। গত ঈদে আমাদের সিনেমা “শান” মুক্তি পেয়েছিল। দর্শক দুহাত ভরে ভালোবাসা দিয়েছেন “শান”কে। দর্শক হলে ফিরেছেন, হলে গিয়ে বাংলা সিনেমা দেখেছেন। এবারের ঈদে আমার কোনো সিনেমা আসছে না। কিন্তু নতুন তিনটি বাংলা চলচ্চিত্র আসছে আপনাদের নিকটস্থ প্রেক্ষাগৃহে।’

তরুণ অভিনেতা সিয়াম আহমেদ
ছবি: সংগৃহীত

সিয়াম আরও লিখেছেন, ‘এর মাঝে প্রথমেই বলব “পরাণ” সিনেমার কথা। রায়হান রাফী আমার প্রথম পরিচালক, তার হাত ধরেই সিনেমায় এসেছি আমি। “পোড়ামন ২” সেই বছরের ঈদ রিলিজ ছিল, খুব কম হলে মুক্তি পেয়েছিল। কিন্তু দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়ে দ্রুতই “পোড়ামন ২” ছড়িয়ে গিয়েছিল দেশের প্রত্যন্ত সব অঞ্চলের হলগুলোতেও। রাফী এবার আসছে “পরাণ” নিয়ে। আমি আশাবাদী, এই সিনেমাও দর্শকদের ভালোবাসায় সিক্ত হবে। এ ছাড়া “দিন : দ্য ডে” ও “সাইকো” রিলিজ পাচ্ছে। অনন্ত জলিল ভাইয়ের জন্য শুভকামনা রইল। শুভকামনা রইল রোশান ও আমার প্রথম সিনেমার কো-আর্টিস্ট পূজা চেরীর জন্যেও।’ তিনটি সিনেমা জন্য স্ট্যাটাসকে সাধুবাদ জানিয়েছেন সিয়াম ভক্তরা।

আরিফিন শুভ
ছবি: কবির হোসেন

তবে তিনটি নয়, ‘দিন : দ্য ডে’ ও ‘পরাণ’ সিনেমা দুটির জন্য ফেসবুকে শুভকামনা জানিয়ে চিত্রনায়ক আরিফিন শুভ লিখেছেন, ‘ ঈদ মোবারক। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। ঈদের সিনেমা “পরাণ” এবং “দিন : দ্য ডে” সবার মধ্যে বাড়তি আনন্দ নিয়ে আসুক এই কামনা করি। বাংলা সিনেমার পাশেই থাকুন।’ তার স্ট্যাটাস থেকে বাদ গেছে “সাইকো” সিনেমা কথা। এই নিয়ে অনেকেই এই নায়কের ফেসবুক স্ট্যাটাসে প্রশংসা ও তিরস্কার—দুটিই করেছেন। এক ভক্ত লিখেছেন, ‘বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বাঁচাতে হলে এভাবেই সবাই একসঙ্গে কাজ করতে হবে, স্ট্যাটাসটি ভালো লাগল।’ আরেকজন লিখেছেন, ‘ঈদে সিনেমা মুক্তি পাচ্ছে তিনটি৷ আপনি দুটির জন্য শুভকামনা জানাচ্ছেন, আরেকটা ছবি কি দোষ করল? সেটা কি চাঁদের দেশে মুক্তি পাচ্ছে?’

প্রশংসা পাচ্ছেন তরুণ চিত্রনায়ক সাইমন সাদিক
ছবি: সংগৃহীত

এদিকে প্রশংসা পাচ্ছেন তরুণ চিত্রনায়ক সাইমন সাদিক। তিনি গল্প ও মজার ছলে লিখেছেন, ‘“পরাণ”–এ যদি আঘাত লাগে, তুই বুইঝা লইস, আমি “সাইকো” হইয়া যামু। মোটামুটি মাথার তার জোড়া লাগলে, ঈদের “দিন : দ্য ডে”তে কমু, বহুত পাকনামি হইছে—চল কোরবানির গোসত খাইয়া সিনেমা হলে যাই। আমগো দেশের সিনামারে ভালোবাইসা, ভালোবাসার গান গাই।’ অনেকেই তার এমন স্ট্যাটাসটির প্রশংসা করেছেন। এর অন্যতম কারণ সাইমন সম্প্রতি মুক্তি পাওয়া প্রায় সব সিনেমার জন্য প্রচারণা করে থাকেন।

ফেসবুক ঘরে দেখা যায়, চিত্রনায়ক শাকিব খান, জয়া আহসান, বুবলি, ইমন, নিরব, ববিসহ অনেককেই কোনো সিনেমা নিয়েই কিছু লিখতে দেখা যায়নি। চলচ্চিত্র পরিচালক ও বিশ্লেষক মতিন রহমান বলেন, ‘কে কার সিনেমার প্রচারণা করবে, এটা তাদের ব্যক্তিগত ইচ্ছা। এটার জন্য কাউকে দোষারোপ করা যাবে না। আর এখন যেহেতু সামাজিক যোগাযোগমাধ্যমেই দর্শক বেশি সরব হন। সেই জায়গা থেকে একে অন্যের সিনেমার প্রচারণা চালালে বেশিসংখ্যক দর্শকের কাছে পৌঁছানো সম্ভব।’