বগুড়ায় শুরু, কক্সবাজারে শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ফেব্রুয়ারিতে বগুড়ায় সিনেমাটির শুটিং শুরু হয়
ছবি: সংগৃহীত

২০০৯ সালে মুক্তি পায় ‘মনপুরা’। গ্রামীণ পটভূমির এই সিনেমার ‘যাও পাখি বলো তারে’ গানটি মোস্তাফিজুর রহমান মানিকের এতই মনে ধরে যে একই নামে নিজের নতুন সিনেমার নাম রাখেন এই নির্মাতা। গত ফেব্রুয়ারিতে বগুড়ায় সিনেমাটির রোমান্টিক একটি দৃশ্য ধারণের মাধ্যমে শুরু হয় ছবিটির শুটিং। সম্প্রতি কক্সবাজারে একটি গানের দৃশ্যায়নের মাধ্যমে শেষ হলো ‘যাও পাখি বলো তারে’র শুটিং।

কটি গানের দৃশ্যায়নের মাধ্যমে শেষ হলো ‘যাও পাখি বলো তারে’র শুটিং
ছবি: সংগৃহীত

মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘অনেক ভালোবাসার মধ্য দিয়ে সিনেমাটির শুটিং শেষ করেছি। একটি সিনেমার সঙ্গে দীর্ঘ যাত্রার গল্প থাকে। দীর্ঘ এই যাত্রায় অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ যেমন থাকে, তেমনই থাকে বহু মানুষের আর্থিক, মানসিক ও লজিস্টিক সাপোর্ট। তাঁদের সবার কাছে কৃতজ্ঞতা। সবার সহযোগিতা ছাড়া শুটিং শেষ করা সম্ভব হতো না। আমাদের ডাবিং আগেই শেষ। এখন গানের অংশগুলো সম্পাদনা করে শিগগির সিনেমাটি সেন্সরে যাবে।’

শুটিংয়ে অংশ নিয়েছিলেন মাহি এবং শিপন
ছবি: সংগৃহীত

শেষ দিনের শুটিংয়ে অংশ নিয়েছিলেন মাহি এবং শিপন। কক্সবাজারের বিভিন্ন লোকেশনে দৃশ্য ধারণ করা হয়েছে। সিনেমাটির অভিনেতা শিপন মিত্র বলেন, ‘মাহির সঙ্গে এর আগে দুটি সিনেমায় কাজ করেছি, এই সিনেমার মধ্যে দিয়ে আমাদের বন্ধুত্ব আরও গাঢ় হয়েছে। আমার অভিনয় না হলে মাহি ধরিয়ে দিত। শুটিংয়ের ফাঁকে সময় পেলেই আড্ডা আর গানে মেতে উঠতাম আমরা। সিনেমাটি নিয়ে আমি আশাবাদী। সিনেমাতে আমাদের লুক, লোকেশন, গল্প বলা সব ক্ষেত্রেই দর্শক চমক পাবেন।’

সম্পূর্ণ গ্রাম্য পটভূমিতে ত্রিভুজ প্রেমের গল্প
ছবি: সংগৃহীত

সিনেমার নির্মাতা মানিক আরও জানান, সম্পূর্ণ গ্রাম্য পটভূমিতে ত্রিভুজ প্রেমের গল্প। এটি তাঁর জন্য নতুন অভিজ্ঞতা। ডিসেম্বর বা আগামী বছরের শুরুতে সুবিধাজনক সময়ে সিনেমাটি মুক্তি দেওয়ার কথা রয়েছে। সিনেমাটির কাহিনি লিখেছেন আসাদ জামান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, রাশেদ মামুন অপু, সুব্রত, বড়দা মিঠু, রেবেকা প্রমুখ।