‘বডি শেমিংয়ের সচেতনতা বৃদ্ধির জন্যই এই আয়োজন’
নারী পুরুষের নানা ধরনের সৌন্দর্য প্রতিযোগিতা হয়। এবার নারীদের নিয়ে অন্য রকমের সৌন্দর্যের প্রতিযোগিতা শুরু হয়েছে। নাম দেওয়া হয়েছে ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বাংলাদেশ’।
আর সেই প্রতিযোগিতায় বিচারক হলেন অভিনেত্রী রোজিনা। এবারই প্রথম কোনো সুন্দরী প্রতিযোগিতায় বিচারক আসনে বসছেন তিনি।
রোজিনা জানান, একজন মেয়ে স্থূল, খাটো বিষয় নয়। তবে স্থূল মেয়েদের ক্ষেত্রে আমাদের সমাজ একটু অন্যভাবে দেখে। তাঁদের নিয়েই এই প্রতিযোগিতার অনুষ্ঠান। এই অভিনেত্রী বলেন, ‘এমন একটি অনুষ্ঠানের আমি বিচারক হতে পেরেছি, একজন মেয়ে হিসেবে নিজের কাছে খুব ভালো লাগছে, গর্বিত আমি।’
তিনি এ–ও বলেন, ‘এ ধরনের প্রতিযোগিতা আরও হওয়া উচিত। তাহলে এসব মেয়েরা উৎসাহিত হবে, অনুপ্রেরণা পাবেন। তখন নিজেকে লুকিয়ে না রেখে বাইরে বেরিয়ে আসবেন এসব মেয়েরা। তাঁদের মধ্যে অনেক গুণ আছে, সেটা দেখাতে পারবেন তাঁরা।’
এ প্রতিযোগিতার আয়োজক রিয়েল হিরোস এক্সপো অ্যান্ড কমিউনিকেশন। এ ধরনের অনুষ্ঠান প্রসঙ্গে এর প্রতিষ্ঠাতা মালা খন্দকার জানান, সমাজে মোটা মেয়েরা শপিং, কর্মক্ষেত্র থেকে শুরু করে নিজের পরিবার, এমনকি শ্বশুরবাড়ি পর্যন্ত বুলিংয়ের শিকার হন। এটি খুবই কষ্টদায়ক। অথচ এই মেয়েদের মধ্যে অনেক গুণ আছে। বুলিংয়ের কারণে সামনে আসতে চান না। তাঁদের উৎসাহিত করতে এই আয়োজন। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়েছে এ ধরনের মেয়েদের জন্য এটি একটি মানবিক কাজ। বডি শেমিংয়ের সচেতনতা বৃদ্ধির জন্যই এই আয়োজন।’
মালা খন্দকার বলেন, প্রতিযোগিতায় চার শ আবেদন পড়েছিল। সেখান থেকে বাছাই করে দুই শজনকে নিয়ে অডিশন শুরু হয়। সেখান থেকে এখন ৪৫ জন আছেন। এরপর ৪৫ জন থেকে ৩০ জনে আসবেন। এরপর ২০ জন। আগামী ২৩ জুলাই ২০ জনকে নিয়ে চূড়ান্ত পর্ব হবে। এই প্রতিযোগিতায় আরও বিচারকের দায়িত্বে আছেন চয়নিকা চৌধুরী, মামুনুল ইমন, মুমতাহিনা হাসনাত, পড়শিয়া প্রমুখ।