বনভোজন নয়, শিল্পীদের মিলনমেলা
• মঙ্গলবার ফুরফুরে মেজাজে ছিলেন চলচ্চিত্রের শিল্পীরা।
• একসময় বনভোজন পরিণত হয় শিল্পীদের মিলনমেলায়।
• বনভোজনে এত তারকা একসঙ্গে দেখে বিস্ময় প্রকাশ করেন সোহেল রানা।

‘আজ কোনো কাজ নেই, আজ আমাদের ছুটি’। গতকাল মঙ্গলবার এমনই ফুরফুরে মেজাজে ছিলেন চলচ্চিত্রের শিল্পীরা। এদিন দেশের কোথাও কোনো ছবির কাজ হয়নি। চলচ্চিত্রের বেশির ভাগ শিল্পী চলে আসেন রাজধানীর অদূরে গাজীপুরে অবস্থিত মেঘবাড়ী রিসোর্টে। এখানে বনভোজন আয়োজন করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।
গতকাল সকাল থেকেই মেঘবাড়ী রিসোর্টে শিল্পীদের ভিড় বাড়তে থাকে। একসময় বনভোজন পরিণত হয় শিল্পীদের মিলনমেলায়। এখানে অংশ নেন আলমগীর, ফারুক, সুচন্দা, ববিতা, অঞ্জনা, চম্পা, ডিপজল, শাবনাজ, নাঈম, অপু বিশ্বাস, পূর্ণিমা, শাবনূর, মিশা সওদাগর, সোহেল রানা, রিয়াজ, ফেরদৌস, পপি, নিরব, ইমন, সাইমন, জায়েদ খান, নাসরিন, অরুণা বিশ্বাস, শিল্পী, পলি, শাকিবা, আন্না, নিঝুম রুবিনা, শিরিন শিলা, রোমানা নীড়, বিপাশা কবির, অধরা খান, আলীরাজ, রুবেল, বাপ্পী, জয়, নাদিম, শিপন, জেমিসহ আরও অনেকে।
বনভোজনে এত তারকা একসঙ্গে দেখে বিস্ময় প্রকাশ করেন সোহেল রানা। তিনি বলেন, ‘আজ খুব ভালো লাগছে। এমন পরিবেশে এসে সত্যিই মনটা ভরে গেল।’
চলচ্চিত্রের কয়েকজন জ্যেষ্ঠ শিল্পীকে সম্মাননা প্রদান করেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান। চিত্রনায়ক ফারুক বলেন, ‘এবার বনভোজনের আয়োজন অন্য রকম হয়েছে। আর এটা সম্ভব হয়েছে জায়েদ খানের জন্য। শিল্পীরা কোথাও গেলে সম্মান চায়। এবার বনভোজনে এসে আমরা সিনিয়র শিল্পীরা অনেক সম্মান পেয়েছি।’
চিত্রনায়ক আলমগীরকে গান গাওয়ার অনুরোধ করেন জায়েদ খান। এদিকে চিত্রনায়িকা ববিতাকে মঞ্চে তাঁর সঙ্গে থাকার অনুরোধ করেন চিত্রনায়ক আলমগীর। এ সময় তিনি ‘টেলিফোনে কিছু কথা হলো’ এবং ‘আছেন আমার মুক্তার’ শিরোনামের জনপ্রিয় দুটি গান গেয়ে শোনান। প্রথম গানে ববিতা আর পরের গানে মিশা সওদাগর, জায়েদ খানসহ অনেকে মঞ্চে এসে নেচেছেন।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রিয়াজ ও ফেরদৌস। তাঁরা মঞ্চে আমন্ত্রণ জানান শাবনূরকে। তাঁরা সবাই মিলে একসঙ্গে পারফর্ম করেন। আরও পারফর্ম করেন শাবনাজ ও নাঈম।
অনুষ্ঠানে গান গেয়েছেন প্রতীক হাসান, রবি চৌধুরী, মনির খান, আসিফ আকবর, মমসহ অনেকে। ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানে আসিফ আকবরের সঙ্গে কণ্ঠ মেলান রিয়াজ ও শাবনূর। এ সময় আরও ছিলেন ফেরদৌস, সাইমন, ইমন, মিশা সওদাগর ও জায়েদ খান। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল চিত্রনায়ক রুবেলের গান, আজিজ রেজা ও তার দলের নাচসহ সানজু জন-বিপাশা কবির, আসিফ নুর-অধরা খান, জয় চৌধুরী-রোমানা নীড়, শিপন মিত্র-দীপালি, নাদিম-শিরিন শিলা, আমান রেজা-তানিন সুবহা, পুষ্পিতা পপির পরিবেশনা।
শাবনূর বলেন, ‘রিয়াজ আর আসিফ ভাইয়ের সঙ্গে গানটি মঞ্চে দাঁড়িয়ে আবারও গাইতে পারব, ভাবতে পারিনি।’
বনভোজনে চলচ্চিত্র শিল্পী সমিতির কমিটির সদস্যরা ছাড়াও সাংবাদিক, প্রযোজক, পরিচালক, সংগীতশিল্পী, কাহিনিকার, গীতিকারসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে অংশ নেন। আয়োজকেরা জানান, এবার বনভোজনে প্রায় দুই হাজার মানুষ অংশ নিয়েছেন। বনভোজনে ছিল বাঁদরনাচ, পুতুলনাচ, আতশবাজি, ফানুস উড়ানো, র্যাফেল ড্রসহ আরও কিছু আকর্ষণীয় ও ব্যতিক্রমী আয়োজন।