বাঁধনের বলিউডযাত্রার নেপথ্য গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কান চলচ্চিত্র উৎসবে যেদিন অনুরাগ কাশ্যপের সঙ্গে দেখা হয়, তার পরের দিনই বলিউডের সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান আজমেরী হক বাঁধন। বলিউডের এই পরিচালকের মাধ্যমে প্রস্তাবটি করে বিশাল ভরদ্বাজের দল। গতকাল শনিবার সকালে ভারতের দিল্লি থেকে এমনটাই জানালেন ‘রেহানা’র অভিনেত্রী।

আলাপে আলাপে বাঁধন বললেন ‘খুফিয়া’র সঙ্গে যুক্ত হওয়ার গল্প, ‘যেদিন কান চলচ্চিত্র উৎসবে অনুরাগ কাশ্যপের সঙ্গে দেখা হয়, তার পরের দিনই আমার সঙ্গে যোগাযোগ করেন [রেহানা মরিয়ম নূর প্রযোজক] জেরেমি চুয়াও। জানান, আমার ব্যবস্থাপকের নাম্বার চেয়েছেন অনুরাগ কাশ্যপ, তাঁর সঙ্গে যোগাযোগ করতে চান। আমি জেরেমিকে বললাম, আমাদের দেশে ব্যবস্থাপক ব্যাপারটা ওভাবে নেই। সরাসরি যোগাযোগ করতে হবে। তখন অনুরাগ কাশ্যপ আমাকে টেক্সট করে জানান, বিশাল ভরদ্বাজ তাঁর ছবির জন্য আমার অডিশন নিতে চান। যেহেতু তখন কান উৎসবে ব্যস্ত ছিলাম; বললাম, দেশে ফিরে কথা বলব। তখনই দিন ঠিক করা হয়। তারপর দেশে ফিরে কথা হয়। অনলাইন জুমের মাধ্যমে রিহাসে৴ল করি। এরপর ভিডিও পাঠাই। নেটফ্লিক্সের সঙ্গে কথা বলে চূড়ান্ত হওয়ার পরই প্রথম আমার সঙ্গে বিশাল ভরদ্বাজের জুম মিটিংয়ে কথা হয়। তার আগে আমার সঙ্গে তাঁর কোনো কথা হয়নি। ওই দিনের কথায় তাঁর ব্যাপারে আমার মুগ্ধতা তৈরি হয়। এত অসাধারণ ব্যবহার! তাঁর কাজের ধরন দেখে মনে হতো তিনি খুবই গুরুগম্ভীর মানুষ। পরে দেখলাম আসলে তা নয়। একসময় ছবিটির ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করি।’

বাঁধন বলেন, ‘আমি শুধু পরিচালক আর চরিত্র দেখে চলচ্চিত্রে অভিনয় করি। আমার মতে, পরিচালককে বিশ্বাস করতে হবে সবার আগে। প্রযোজককেও অবশ্য বিশ্বাস করতে হয়। খুব শিগগির আরেকটি দেশের চলচ্চিত্রে অভিনয় করব। প্রাথমিক কথা চলছে। প্রযোজককে আমি বেশ ভালোভাবে চিনি। চরিত্রটা আমার খুব পছন্দ হয়েছে, যদিও কেন্দ্রীয় চরিত্র নয়।’

খুফিয়া চলচ্চিত্রের অভিনয়শিল্পী আলী ফজলের তোলা সেলফিতে বিশাল ভরদ্বাজ, আজমেরী হক বাঁধন ও আসমান ভরদ্বাজ
ছবি : সংগৃহীত

তাহলে কেন রাজি হলেন? বাঁধন বলেন, ‘প্রথমত পরিচালক, এরপর চরিত্র। আমার কাছে চরিত্র বেশি গুরুত্বপূর্ণ কারণ, আমি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে চাই। খুফিয়ার ক্ষেত্রেও ডিরেক্টর আর চরিত্র অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি নতুন পরিচালকদের সঙ্গেও কাজ করতে চাই। আমি তাঁকে বিশ্বাস করতে পারব কি না, বা আমাকে তিনি কনভিন্স করতে পারেন কি না, এগুলোও বিষয়।’

কথায় কথায় বাঁধন বলেন, ‘বিশাল ভরদ্বাজের কাজ আমার আগে থেকেই পছন্দ। বিশেষ করে তাঁর গল্প বলার ধরন। তিনি যতগুলো চলচ্চিত্র তৈরি করেছেন, তার সবই স্টেরিওটাইপ নয়। বলা যেতে পারে, এখন আমি যে ধরনের চলচ্চিত্রে অভিনয় করতে চাই, তেমনই।

আজমেরী হক বাঁধন
ছবি : সংগৃহীত

আমার বয়স, অভিনয়ের ক্যারিয়ার—সব মিলিয়ে যে অবস্থায় আছি, সেখান থেকে নিজেকে এক্সপ্লোর করতে চাই। একরকম একজন পরিচালকের সঙ্গে কাজ করাটাও কিন্তু বড় ব্যাপার, কারণ তিনি নিজেই একজন ইনস্টিটিউট। তাঁর সান্নিধ্যে এসে আমার একটি অন্যরকম অভিজ্ঞতাও হলো। এখানে কীভাবে কাজ হয়, সেটিও জানা হলো। ওটাও আমাকে অন্যভাবে সমৃদ্ধ করবে। পরবর্তী সময়ে আমি যদি অন্য কোনো কাজ করি, তখন এই অভিজ্ঞতা আমার কাজে আসবে।’

অনুরাগ কশ্যপের সঙ্গে আজমেরী হক বাঁধন
ছবি : সংগৃহীত

কিছুদিন আগে জানা গিয়েছিল, অমর ভূষণের বই ‘এসকেপ টু নোহয়্যার’ অবলম্বনে ছবি করতে যাচ্ছেন বিশাল ভরদ্বাজ। ‘খুফিয়া’ নামের সেই সিনেমার জন্য তিনি একজন বাংলাদেশি অভিনেত্রী খুঁজছেন। গুঞ্জনে উঠে আসে বাঁধন ছাড়াও একাধিক অভিনয়শিল্পীর নাম। তবে এ প্রসঙ্গে তখন কোনো কথা বলেননি বাঁধন। শনিবারও প্রসঙ্গটি তোলার সময় চুপ থাকলেন বাঁধন। শুধু বললেন, ‘এটা নিয়ে আমি কথা বলতে চাই না। যাঁরা যেসব মন্তব্য করেছেন, ওটা তাঁদের ব্যক্তিগত মন্তব্য। চলচ্চিত্রের একটি ক্যারেক্টারের জন্য অনেককেই অ্যাপ্রোচ করা হয়ে থাকে। এখন সেটা নিয়ে যদি আমাকে কথা বলতে হয়, তা অত্যন্ত হাস্যকর এবং দুঃখজনক। তাই এসব নিয়ে কথা বলতে চাই না।’

বিশাল ভরদ্বাজ, আজমেরী হক বাঁধন ও বিশাল ভরদ্বাজের ছেলে আসমান ভরদ্বাজ
ছবি : সংগৃহীত

রাজনৈতিক থ্রিলার ঘরানার ছবি ‘খুফিয়া’য় আরও অভিনয় করছেন টাবু, আলী ফজল, আশিস বিদ্যার্থী ও ওয়ামিকা গাব্বি। নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘খুফিয়া’। দিল্লির বিভিন্ন লোকেশনে এখন ছবিটির শুটিং চলছে। এই সিনেমায় নিজের চরিত্রটির জন্য ১২ দিনের শুটিংয়ে বাঁধন এখন দিল্লিতে। এর মধ্যে মাত্র তিন দিনের শুটিং শেষ হয়েছে। বাঁধন বললেন, ‘এ মাসের শেষে ঢাকায় ফিরব।’