বাবা দেখে যেতে পারলে বেশি খুশি হতেন: ইমরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরান মাহমুদুল

২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নামের তালিকা গতকাল মঙ্গলবার বিকেলে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ‘বিশ্বসুন্দরী’ ছবির ‘তুই কি আমার হবি রে’ গানের জন্য শ্রেষ্ঠ গায়ক ও শ্রেষ্ঠ সুরকার হিসেবে পুরস্কার জিতেছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল।
প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ইমরান। তা–ও আবার একসঙ্গে দুটি। যার কারণে এ পুরস্কার তাঁর কাছে বেশ আনন্দের। ইমরান বলেন, ‘প্রথমবারই দুটি পুরস্কার পেয়েছি। এটি বেশি আনন্দের। তা ছাড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কার এ দেশের যেকোনো মানুষের জন্য স্বপ্নের মতো। যেহেতু আমরা এ দেশের নাগরিক। দেশের স্বীকৃতি পাওয়াটা আমার কাছে সৌভাগ্যের ব্যাপার। এই অল্প সময়ে একই গানে দুটি পুরস্কার পেয়েছি। ভাগ্যবান আমি।’

‘তুই কি আমার হবি রে’ গানটির আরেক কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা, গীতিকার কবির বকুল ও গানটির নৃত্যপরিচালক প্রয়াত মো. শহিদুর রহমানও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

ইমরান মাহমুদুল। ছবি: ফেসবুক থেকে

সেরাকণ্ঠখ্যাত এই গায়ক বলেন, ‘এ গানটির পুরো টিমই জাতীয় স্বীকৃতি পেয়েছে। এ জন্য আরও বেশি ভালো লাগছে।’
ইমরান জানান, এই খুশির দিনে তাঁর সবচেয়ে বেশি মনে পড়ছে বাবাকে। তিনি বলেন, ‘চ্যানেল আই সেরাকণ্ঠে প্রথম রানারআপ হওয়া থেকে শুরু করে মেরিল প্রথম আলো পুরস্কারসহ অনেক স্বীকৃতি দেখে গেছেন বাবা। আজ দুটি জাতীয় স্বীকৃতি পেলাম। বাবা এটি দেখে যেতে পারলে বেশি খুশি হতেন।’

ইমরান মাহমুদুল

ইউটিউবে গানটি প্রকাশের পর থেকেই ‘তুই কি আমার হবি রে’ গানটি বেশ জনপ্রিয় হয়। ইমরান জানান, গানটি তাঁর নিজের কাছেও দারুণ পছন্দের। তিনি বলেন, ‘গানটি প্রকাশের কয়েক দিনের মধ্যে অনেকেই আমাকে বলেছিলেন এই গানটি তোমাকে অনেক বড় সম্মান এনে দেবে। তাই-ই হলো। এই গান দিয়ে মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেলাম। এখন বুঝলাম গানটি আসলেই সবার পছন্দ হয়েছে। এ গানটির সঙ্গে এতগুলো পুরস্কার জড়িত! আমার সংগীতজীবনে “বিশেষ গান” হয়ে থাকবে এটি।’

গানটি নিয়ে একটি স্মৃতিচারণাও করলেন ইমরান। তিনি জানান, সিনেমার জন্য যখন গানটি করা হয়, তখন গানটি করা হয়েছিল একক কণ্ঠে গাওয়ার জন্য। পরে পরিচালক, নায়ক, নায়িকাসহ ছবিসংশ্লিষ্ট ব্যক্তিদের শোনানো হলে পরিবর্তন আনা হয় গানটিতে।
ইমরান বলেন, ‘গানটি শোনার পরে তাঁরা সবাই বলেন, যেহেতু এটি একটি রোমান্টিক গান, তাই নায়ক-নায়িকা দুজনের লিপে ডুয়েট হলে ভালো হয়। এতে গানের নান্দনিক দিকটাও ফুটে উঠবে। সিনেমার আবেদনটাও দর্শকের কাছে বাড়িয়ে দেবে। সিনেমাতে কনা আপার সঙ্গে আমার অনেক হিট গান আছে। আমরা দুজনই এ গানটি গেয়েছি।’