বাসায় ফিরেছেন রিয়াজ

পাঁচ দিন হাসপাতালে চিকিৎসাসেবা শেষে শনিবার সন্ধ্যায় বাসায় ফিরেছেন দেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক রিয়াজ। প্রথম আলোকে তাঁর বাসায় ফেরার বিষয়টি নিশ্চিত করেছে এ অভিনেতার একটি পারিবারিক সূত্র।
এদিকে অ্যাপোলো হাসপাতালের চিকিৎসক শাহাবুদ্দীন তালুকদার জানিয়েছেন, রিয়াজের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাই তাঁকে বাসায় নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
শাহাবুদ্দীন তালুকদার আরও বললেন, ‘রিয়াজ পুরোপুরি শঙ্কামুক্ত হলেও তাঁকে ছয় মাস পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এখন থেকে তাঁকে অনেক নিয়ম মেনে চলতে হবে।’
গত সোমবার রাত সাড়ে আটটার দিকে উত্তরার ‘হৈচৈ’ শুটিংবাড়িতে ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের কাজ করার সময় হৃদ্রোগে আক্রান্ত হন রিয়াজ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন রিয়াজের বন্ধু ও সহশিল্পী চিত্রনায়ক ফেরদৌস, নির্মাতা মেহের আফরোজ শাওনসহ অনেকেই।
হৃদ্রোগে আক্রান্ত অভিনেতা রিয়াজকে সে সময় দ্রুত উত্তরার একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রিয়াজকে পরবর্তীতে নিয়ে যাওয়া হয় অ্যাপোলো হাসপাতালে। এরপর দ্রুত প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে চিকিৎসা সেবা দেওয়া হয়। রিয়াজের হৃৎপিণ্ডে একটা রিং (স্টেন্ট) পরানো হয়েছে।
কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের ‘কৃষ্ণপক্ষ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে ‘কৃষ্ণপক্ষ’ ছবিটি। এ ছবিতে রিয়াজের বিপরীতে অভিনয় করছেন মাহিয়া মাহী। হুমায়ূন আহমেদের জন্মদিনে ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড এবং পরিচালক মেহের আফরোজ শাওন।