বিজয় দিবসে ছবি মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমি তোমার হতে চাই’ ছবিতে বাপ্পী চৌধুরী ও বিদ্যা সিনহা মিম
‘আমি তোমার হতে চাই’ ছবিতে বাপ্পী চৌধুরী ও বিদ্যা সিনহা মিম

পরিচালক সোহানুর রহমান সোহান বলেছেন, ‘বর্তমান চলচ্চিত্রের এই দুঃসময়ে ভালো ছবির কোনো বিকল্প নেই। ভালো ভালো ছবি তৈরি হলে আমাদের চলচ্চিত্রে এই খরা কেটে যাবে। আমার বিশ্বাস “আমি তোমার হতে চাই” ছবিটি দর্শকপ্রিয় হবে।’ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলোজিস আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে আরেক পরিচালক মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘প্রযোজনা প্রতিষ্ঠানটির প্রথম ছবি এটি। বাজেটও বড়। এভাবে বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান এগিয়ে আসা চলচ্চিত্রের জন্য মঙ্গল। প্রত্যাশা থাকবে তাঁরা যেন একটি ছবি নির্মাণ করে থেমে না যান।’
আরও বক্তব্য দেন ছবিটির দুই প্রযোজক ইয়াসির আরাফাত, তানজিদুল ইসলাম এবং ছবির নায়ক-নায়িকা বাপ্পী চৌধুরী ও বিদ্যা সিনহা মিম। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ছবির আরেক জুটি সাঞ্জু জন ও দিপালী।
অনুষ্ঠানে ছবির পরিচালক অনন্য মামুন বলেন, ‘মুক্তির সব প্রস্তুতি শেষ। আগামী ১৬ ডিসেম্বর দেশজুড়ে মুক্তি দেওয়া হবে। মোবাইল অ্যাপসের মাধ্যমেও ছবিটি দেখার ব্যবস্থা থাকছে। প্রেক্ষাগৃহে মুক্তির মাসখানেকের মধ্যেই প্রযোজনা প্রতিষ্ঠানটির নিজস্ব মোবাইল অ্যাপস সিনেমাটিকসে মুক্তি দেওয়া হবে ছবিটি।’
অনুষ্ঠান শেষে প্রেক্ষাগৃহের জন্য তৈরি করা ছবিটির পাঁচ মিনিটের ট্রেলার ও তিনটি গানের ভিডিও প্রদর্শন করা হয়।