বিজয়ী শিল্পীদের সান্নিধ্যের আনন্দ
ফ্রান্সের সম্মাননা ‘লেজিয়ঁ দ নর’ সত্যজিৎ রায়ের হাতে তুলে দিতে কলকাতায় এসেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ ১৯৮৭ সালে। মেরিল-প্রথম আলো পুরস্কার-২০১৯ অনুষ্ঠিত হয়নি। মাননীয় বিচারকেরা সেরা তারকা নির্বাচন করেছেন, দর্শকেরাও ভোট দিয়ে রেখেছেন তাঁদের প্রিয় তারকাকে, তখনই পৃথিবী কবলিত হলো করোনায়। ২০২১ সাল চলে যাওয়ার আগেই এই পুরস্কার তুলে দিতে হবে তারকাদের হাতে! অমিক্রনের কারণে কোনো আনুষ্ঠানিকতাও করা যাচ্ছে না। কাজেই স্কয়ার আর প্রথম আলোর পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হলো, তারকাদের বাড়ি বাড়ি যাওয়া হবে। তা করতে হবে ২০২১ চলে যাওয়ার আগেই।
মোট ১৪টি বিভাগের পুরস্কার, ১৩ জন তারকার কাছে যেতে হবে। স্কয়ারের পরিচালক মালিক মোহাম্মদ সাঈদ, মার্কেটিং প্রধান জেসমিন জামান, সিনিয়র মার্কেটিং ম্যানেজার ফজল মাহমুদ, প্রথম আলো ডিজিটালের প্রধান জাবেদ সুলতান, মেরিল-প্রথম আলো আয়োজনের পেছনের সবচেয়ে বড় দায়িত্ব কাঁধে নিয়ে বেড়ানো পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুলসহ আমরা চললাম গাড়িবহর নিয়ে। আমি ছিলাম কবির বকুলের চালানো গাড়িতে, তাঁর পাশের আসনে। আপনাদের দোয়া, আল্লাহর রহমত, নিরাপদে সব গন্তব্যে পৌঁছেছি। কবির বকুল গাড়িও ভালো চালান।
প্রত্যেক তারকা বাড়িতে ছিলেন, সেটা আমাদের একটা তৃপ্তির দিক। কত মজার খবর ও খাবার পেলাম বাড়িতে বাড়িতে। সিয়ামের বাড়িতে আটটি বিড়াল! আফরান নিশো তাঁর জীবনসঙ্গিনী ও পুত্রকে সব সময় নেপথ্যেই রাখেন। ছোট বোনকে মেহ্জাবীন ডাকেন ‘মোকাদ্দেস’ নামে। বিদ্যা সিনহা মিমের জীবনে একটা শুভ ঘটনা ঘটতে যাচ্ছে। সাদ সব সময় পাদপ্রদীপের আলোর বাইরে রাখতে চান নিজেকে। তাঁর প্রযোজক দেখতে বলিউড নায়কের মতো। মোস্তফা মনওয়ারের ছবি হিসেবে অনলাইনে পাওয়া যায় চিত্রকর মুস্তাফা মনোয়ার সাহেবের ছবি।
আমরা ফেসবুকে লাইভ করেছি কোনো কোনো তারকার বাড়ি থেকে। মিলিয়ন মিলিয়ন ভিউ। এরপর আামি যেখানে যাই, আমার কদর গেছে বেড়ে। বিয়েবাড়িতে লোকে আমাকে দেখলে ছুটে আসেন, ‘ভাই, আপনার সাথে একটা সেলফি তুলি।’ আমি বলি, তোলেন। তখন বলেন, ‘আপনি নিশো ভাইয়ের সঙ্গে লাইভ করেছেন তো, তাই আপনার সাথে সেলফি নিলাম।’ আমি আবারও বুঝতে পারলাম, আমরা আমাদের শিল্পীদের কত ভালোবাসি। এতই ভালোবাসি যে শুধু শিল্পীদের আমরা কদর করি, তা-ই নয়, শিল্পীদের যাঁরা কদর করেন, তাঁদেরও কদর করতে আমরা পছন্দ করি।
মেরিল-প্রথম আলো এই কাজই করতে চায়। বাংলাদেশের ছবি, নাটক, সংগীত, সংস্কৃতিজগতের জয় চায়। শিল্পীদের সম্মান করতে পারলে সেই কাজ একটু বেগবান হয় বলেই আমরা বিশ্বাস করি।
এই যানজটের শহর ঢাকায় এতগুলো বাড়িতে গেছি, একটুও ক্লান্তি বোধ করিনি। আমার ধারণা, শিল্পীদের সম্মান করার প্রক্রিয়ার ভেতরে সঞ্জীবনী একটা পরশমণি আছে। এটা আমাদের মধ্যে নতুন উদ্যম সঞ্চার করে।
সব তারকাকে অভিনন্দন ও ধন্যবাদ। আপনাদের আপ্যায়নে আমরা মুগ্ধ। সময়ের অভাবে স্পর্শিয়ার মায়ের রান্না করা পোলাও-কোরমা আমরা খেতে পারিনি, সরি। তবে ঘ্রাণ পেয়েছি। ঘ্রাণেই তো অর্ধেক ভোজন! কী বলেন?