বিশ লাখ টাকা দাবি ভিত্তিহীন, ছবি ছাড়ার ঘোষণা ইমনের
প্রযোজক তাহেরা ফেরদৌস জেনিফারের ছবি ‘আশীর্বাদ’ ছাড়ার ঘোষণা দিয়েছেন সংগীত পরিচালক ইমন সাহা। প্রযোজক মোহাম্মদ ইকবালের সঙ্গে তাঁর সাবেক স্ত্রী জেনিফারের দ্বন্দ্বে জড়িয়ে যায় ইমনের নাম। এতে অত্যন্ত ক্ষুব্ধ ও বিস্মিত হয়েছেন তিনি। এ ঘটনায় নিজের ভাবমূর্তি নষ্ট হওয়ায় ছবিটি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ইমন সাহা। এমনকি জেনিফারের জন্য ইকবালের কাছে ২০ লাখ টাকার প্রস্তাবকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই সংগীত পরিচারক।
সম্প্রতি রাজধানীর দুই থানায় পাল্টাপাল্টি অভিযোগ ও জিডি করেছেন দুই প্রযোজক সাবেক স্বামী-স্ত্রী মোহাম্মদ ইকবাল ও জেনিফার। ইকবালের সাধারণ ডায়েরিতে জেনিফার প্রযোজিত ‘আশীর্বাদ’ ছবির সংগীত পরিচালক ইমন সাহার নাম উঠে এসেছে। এ নিয়ে বিতর্কের জের ধরে ছবিটি ছাড়ার ঘোষণা দেন ইমন সাহা। গতকাল রোববার ফেসবুকে বিবৃতি দিয়ে ছবি থেকে বেরিয়ে আসার কথা জানান এই সংগীত পরিচালক।
ইমন এখন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। গত ২৬ ডিসেম্বর রাতে ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিককে ফোনে তিনি জানিয়েছেন, ‘আশীর্বাদ’ ছবিটির সঙ্গে তিনি আর থাকতে চান না। বিস্তারিত জানতে যোগাযোগ করা হলে ইমন প্রথম আলোকে বলেন, ‘আমি কিছুই জানলাম না, অথচ আমাকে ঘিরে অবাস্তব সব কথাবার্তা শোনা যাচ্ছে। ইকবালের করা সাধারণ ডায়েরিতে আছে, আমি নাকি জেনিফারের হয়ে ইকবালের নামে করা সব মামলা তুলে নিতে তাঁর কাছে ২০ লাখ টাকা চেয়েছি! এটা হাস্যকর। পুরো মিথ্যা ও ভিত্তিহীন কথা। জীবনে আমি এমন অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়িনি। এ জন্য জেনিফারের ছবির পরিচালককে ফোন করে কাজ না করার কথা জানিয়েছি। আমার ভাবমূর্তি নষ্ট হচ্ছে।’
ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ইমন সাহা বলেন, ‘এটি কোনো কথা? আমি গত দেড় বছর বাংলাদেশেই যাইনি। ওই প্রযোজকের সঙ্গে আমার কোনো দিন সামনাসামনি দেখাও হয়নি। তিনি তো সিনেমার মানুষই না। তিনি রাজনীতির সঙ্গে জড়িত। আর আমি গান, সিনেমার বাইরের কোনো সার্কেলে মিশি না। যেহেতু জেনিফার ছবির প্রযোজকের পাশাপাশি কাহিনিকার, গান তৈরি করতে গেলে কাহিনি জানতে হয়। এ জন্য ফোনে তাঁর সঙ্গে এক-দুবার কথা হয়েছে। তাও ছবির গানের কাজকে কেন্দ্র করে, এর বাইরে কিছুই না।’ এই সংগীত পরিচালক আরও বলেন, ‘গান ও আবহ সংগীতের বিষয়ে ছবির পরিচালকের সঙ্গে সব সময় কথা হয়েছে আমার।’
বাংলাদেশে হওয়া একটি জিডিতে ইমন সাহার নাম জড়িয়ে যাওয়া তাঁর নিজের ও পরিবারের জন্য বিব্রতকর। সেটি উল্লেখ করে এই সংগীত পরিচালক বলেন, ‘আমি এযাবৎকালে সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। নিজেকে এবং দেশের চলচ্চিত্রের উন্নতিতে অবদান রাখার তাগিদে আমি চেন্নাইতে এ আর রহমান মিউজিক কলেজ এবং আমেরিকায় এসে সংগীত নিয়ে পড়াশোনা করছি। এই ধরনের মিথ্যা অপপ্রচার আমার, আমার পরিবার, আমার ক্যারিয়ার এবং দেশের চলচ্চিত্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।’
জানা গেছে, এরই মধ্যে ‘আশীর্বাদ’ ছবির দুটি গানের সংগীতের কাজ শেষ করেছেন তিনি। আবহ সংগীতের কাজও অনেকটা করে ফেলেছেন। এ অবস্থায় ছবির সংগীতের কাজ কি নতুন করে করা হবে? এসব জানতে যোগাযোগ করা হলে পরিচালকের ফোন বন্ধ পাওয়া গেছে। তবে গতকাল সন্ধ্যায় ফেসবুকে এক বিবৃতিতে তিনি লিখেছেন, ‘প্রখ্যাত সংগীত পরিচালক ইমন সাহা দাদার সঙ্গে আমার এইমাত্র কথা হয়েছে। তিনি “আশীর্বাদ” সিনেমা থেকে সরে যেতে চেয়েছিলেন। কিন্তু আমি তাঁকে বলেছি, আমার চলচ্চিত্রের গান এবং আবহ সংগীতের জন্য আপনাকে প্রয়োজন। আমি তাঁকে আমার চলচ্চিত্র থেকে সরে না যাওয়ার অনুরোধ করেছি। সবদিক বিবেচনা করে দাদা তাঁর সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। তিনি “আশীর্বাদ” চলচ্চিত্র থেকে সরে যাচ্ছেন না। “আশীর্বাদ” ছবির বাকি কাজ তিনি শেষ করবেন।’
পরিচালকের এ ঘোষণার পরও সংগীত পরিচালক ইমনের ছবি ছাড়ার পোস্টটি দেখা গিয়েছিল। অবশ্য আজ সোমবার সকালে ইমন সাহার ফেসবুক অ্যাকাউন্টটি ডিয়্যাকটিভ পাওয়া গেছে।