বিশেষ প্রদর্শনী হয়ে গেল তারকাদের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে গতকাল হয়ে গেল ‘খাঁচার ভেতর অচিন পাখি’র বিশেষ প্রদর্শনী। সেই প্রদর্শনীটিই হয়ে ওঠে কয়েক প্রজন্মের তারকার মিলনমেলা। করোনার কারণে তারকা, পরিচালক ও চলচ্চিত্র পৃষ্ঠপোষকদের এমন মিলনমেলা গেল দেড় বছরে খুব একটা দেখা যায়নি।

‘খাঁচার ভিতর অচিন পাখি’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনীতে চিত্রনায়িকা তমা মির্জা, পরিচালক রায়হান রাফী ও ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি
ছবি: প্রথম আলো

চরকি প্রযোজিত ‘খাঁচার ভেতর অচিন পাখি’র বিশেষ প্রদর্শনী দেখতে শুটিং থেকেই ছুটে এসেছিলেন অভিনেতা সজল। ছবি দেখার পাশাপাশি বিনোদন অঙ্গনের সহকর্মীদের সঙ্গেও দেখা হবে, তাই এসেছিলেন পরিচালক অমিতাভ রেজা, মেজবাউর রহমান সুমন থেকে শুরু করে অভিনয়শিল্পী, মডেল ও সংগীতশিল্পীরা। তারকাদের মধ্যে ছিলেন সুমাইয়া শিমু, সিয়াম আহমেদ, কনা, নোভা, ফারিয়া শাহরিন, আমান রেজা, সাফা কবির, মোস্তফা মন্‌ওয়ার, দীঘি, ইয়াশ রোহান, সোহেল মণ্ডল, অহনা, সুনেরাহ প্রমুখ।

চিত্রনায়ক সিয়াম বললেন, ‘চরকিতে মুক্তির পরই চলচ্চিত্রটি দেখা হয়েছে। যেহেতু বড় পর্দায় দেখার আয়োজন হয়েছে, ভাবলাম মিস করা ঠিক হবে না। তা ছাড়া চলচ্চিত্রের অনেকের সঙ্গে অনেক দিন দেখা হয় না, এই সুযোগে সেই দেখাটাও হয়ে গেল।’

‘খাঁচার ভিতর অচিন পাখি’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনীতে এই চলচ্চিত্রের প্রধান অভিনয়শিল্পী তমা মির্জা
ছবি : প্রথম আলো

‘খাঁচার ভেতর অচিন পাখি’র পরিচালক রায়হান রাফী বললেন, ‘এটা আমার পছন্দের ছবি। অনেক দিন পর সবাইকে নিয়ে বড় পর্দায় নিজের সিনেমা দেখার আনন্দটাই অন্য রকম।’ চলচ্চিত্রে পাখি চরিত্রে অভিনয় করে দর্শকনন্দিত হয়েছেন তমা মির্জা। অনুষ্ঠানে তাঁর বক্তব্যে বললেন, ‘আমার চরিত্রটি একদমই ভিন্ন। জানি না কতটা ফুটিয়ে তুলতে পেরেছি। তবে বড় পর্দায় ছবিটি দেখার পর সবাই যদি তাঁদের মতামত জানান, তাহলে ভবিষ্যতে যে কাজগুলো করব, সেগুলো আরও ভালো হবে।’

‘খাঁচার ভিতর অচিন পাখি’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনীতে কথাসাহিত্যিক আনিসুল হক, ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি ও এই চলচ্চিত্রের নায়িকা তমা মির্জা
ছবি: প্রথম আলো

‘খাঁচার ভেতর অচিন পাখি’ দেখতে এসেছিলেন প্রথম আলো সম্পাদক ও মিডিয়াস্টার পরিচালক মতিউর রহমান। তিনি বলেন, ‘১৯৪ দেশ থেকে বাঙালি দর্শকেরা চরকির সিনেমাগুলো নিয়মিতভাবে দেখছে, এটা বিরাট একটা সফলতা। আমরা শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। সারা বিশ্বে প্রবাসী যত বাঙালি আছে, তাদের সঙ্গে নিয়ে একটা নতুন ও সুন্দর বাংলাদেশ দেখতে চাই। আমরা সব বাংলাদেশের জয় দেখতে চাই। “খাঁচার ভেতর অচিন পাখি”র জয় দেখতে চাই। চরকির জয় দেখতে চাই।’

অনুষ্ঠানে চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, চরকি যে প্রতিশ্রুতি দিয়েছিল, ১২ মাসে ১২টি ছবি দর্শককে উপহার দেবে, ‘খাঁচার ভেতর অচিন পাখি’ তারই একটা। আজকের এই বিশেষ প্রদর্শনী বিনোদন অঙ্গনের পরিচালক, প্রযোজক, তারকা এবং সাংবাদিকদের জন্য।’

খাঁচার ভেতর অচিন পাখি

রায়হান রাফী পরিচালিত ‘খাঁচার ভেতর অচিন পাখি’ চলচ্চিত্র ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পায় ২১ অক্টোবর। এই চলচ্চিত্রের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও তমা মির্জা।