বিয়ের পর ব্যস্ত আরিফিন শুভ

কলকাতার মেয়ে অর্পিতা সমাদ্দারের সঙ্গে গত ৬ ফ্রেব্রুয়ারি বিয়ের বন্ধনে জড়ান ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। বিয়ে-পরবর্তী আনুষ্ঠানিকতা শেষে ২৬ ফেব্রুয়ারি বউকে নিয়ে দেশে ফিরেছেন শুভ। ফিরেই আর দম ফেলার সময় পাচ্ছেন না তিনি। পরদিন থেকেই ব্যস্ত হয়ে পড়েন শুটিং নিয়ে।
২৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ব্র্যান্ড লাক্সের প্রচারণায় অংশ নিয়েছেন। এতে শুভর বিরপীতে কাজ করেছেন দুই আসরের দুই লাক্স-চ্যানেল আই সুপারস্টার মেহজাবিন ও নাদিয়া। রয়েছে স্টেজ শোর ব্যস্ততাও। এরই মধ্যে আবার চুক্তিবদ্ধ হয়েছেন নতুন একটি চলচ্চিত্রে। ওয়াজেদ সুমন পরিচালিত ছবিটির নাম ‘দরদিয়া’। এই ছবিতে শুভর বিপরীতে অভিনয় করবেন হালের আলোচিত নায়িকা পরীমনি। এর মধ্যে দিয়ে এবারই প্রথম চলচ্চিত্রে জুটি হয়ে অভিনয় করতে যাচ্ছেন শুভ ও পরীমনি। এর আগে অবশ্য তাঁরা দুজন জুটি হয়ে বিজ্ঞাপনচিত্রে কাজ করেন। কোমল পানীয়ের এই বিজ্ঞাপনচিত্রটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। খুব শিগগিরই এর প্রচার শুরু হবে।
প্রথম আলোর সঙ্গে আলাপে আরিফিন শুভ বলেন, ‘ক্যারিয়ারের দারুণ সময় পার করছি। সংসার জীবনটাও দারুণ উপভোগ করছি। কলকাতায় আমি ও অর্পিতা দুজনে জীবনের অসাধারণ কিছু মুহূর্ত কাটিয়ে এসেছি। এখন কাজ নিয়ে ব্যস্ত হয়েছি। সংসার সামলে যতটা সুন্দরভাবে কাজ করা যায় সে পথেই এগোচ্ছি।’
এদিকে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মেট্রোপলিটন পুলিশের এক অনুষ্ঠানে স্টেজ শোতে পারফর্ম করবেন আরিফিন শুভ। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তারই মহড়া নিয়ে ব্যস্ত আছেন বলেও জানান শুভ।
র্যাম্প মডেলিংয়ের মধ্য দিয়ে শোবিজ-ক্যারিয়ার শুরু করেন ঢাকাই ছবির এ সময়ের আলোচিত নায়ক আরিফিন শুভ। এরপর হয় টিভি নাটকের অভিষেক। নাটকের কাজের ফাঁকে পছন্দসই পণ্যের বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছেন শুভ। তবে এখন পুরোদমে চলচ্চিত্রের কাজ নিয়েই তাঁর ব্যস্ততা। ধ্যানজ্ঞান সব চলচ্চিত্রকে ঘিরে। সামনে তাঁর বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় আছে।