‘বিয়ের ফাঁদে’ করা হলো না
‘হঠাৎ বৃষ্টি’ ছবিটি দিয়ে চিত্রনায়ক ফেরদৌসের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন বাসু চ্যাটার্জি। তারপর তাঁর আরও তিনটি ছবিতে অভিনয় করেছিলেন ঢাকার এই চিত্রনায়ক। তাঁকে নিয়ে ‘বিয়ের ফাঁদে’ নামে আরেকটি ছবি করতে চেয়েছিলেন পশ্চিমবঙ্গের পরিচালক বাসু চ্যাটার্জি। কিন্তু ছবিটি শেষ পর্যন্ত করা হয়নি। ‘বড় মঞ্চের তারকা’ অনুষ্ঠানে চিত্রনায়িকা পূর্ণিমার কাছে ছবিটি না করার কারণ জানালেন ফেরদৌস।
অনুষ্ঠানে একপর্যায়ে ফেরদৌসের কাছে পূর্ণিমার প্রশ্ন ছিল, ‘“হঠাৎ বৃষ্টি”র পর তুমি বাসু চ্যাটার্জির সঙ্গে আরও সিনেমা করেছ। সেগুলো সম্পর্কে বলো।’ ফেরদৌস বললেন ‘“হঠাৎ বৃষ্টি”র পর সিকুয়াল টাইপের দুটি সিনেমা করেছি। তিনটি সিনেমারই পরিচালক বাসু চ্যাটার্জি আর নায়িকা প্রিয়াঙ্কা ত্রিবেদী।
“হঠাৎ বৃষ্টি”র পর “চুপি চুপি”। তৃতীয়টা ছিল “টক ঝাল মিষ্টি”। তিনটি সিনেমাতে আমার নাম ছিল অজিত আর প্রিয়াঙ্কার দীপা। তিনটি সিনেমা যদি ধারাবাহিকভাবে কেউ দেখেন, তাহলে অনেক মিল পাবেন। তিনটি সিনেমা দিয়ে আমাদের উৎসব করার প্ল্যান ছিল।
এরপর “হঠাৎ সেদিন” নামে একটি সিনেমায় আমি বাসুদার সঙ্গে প্রোডিউসার হয়েছি। তার পুরোনো হিন্দি সিনেমার গল্প নিয়ে করেছিলাম। ওই সিনেমায় আমি আর ঋদ্ধিমা সেন অভিনয় করেছি। বাংলাদেশে আমার প্রযোজনার প্রথম সিনেমা “এক কাপ চা”য়ের গল্প ছিল বাসু চ্যাটার্জির। আমার চলচ্চিত্রের ক্যারিয়ারজুড়ে বাসু চ্যাটার্জি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এখনো আমার কাছে বাসুদার একটি গল্প আছে।’
ফেরদৌস আরও বলেন, ‘“বিয়ের ফাঁদে” নামে একটা সিনেমা করার কথা ছিল। শেষ কোভিডের আগেও আমার সঙ্গে যখন কথা হলো তখন বাসুদা বলেছে, সিনেমা বানাবে। আমি বলেছি, “তুমি তো ঠিকমতো দাঁড়াতে পারো না, কীভাবে সিনেমা বানাবে।” বাসুদা বলেছিল, “আমি বসে বসে ডিরেকশন দেব।” কিন্তু বাসুদা চলে যাওয়ার কারণে সেটা আর করা হয়নি। ভবিষ্যতে বাসুদার প্রতি শ্রদ্ধা রেখে সিনেমাটি বানানোর ইচ্ছে আছে।’
দেশের সীমানা পেরিয়ে ভিনদেশে নিজেদের দ্যুতি ছড়িয়েছেন বা ছড়াচ্ছেন বাংলাদেশের যেসব তারকা, তাঁদের নিয়েই প্রথম আলোর আয়োজন ‘বড় মঞ্চের তারকা’। হাতিল নিবেদিত এ অনুষ্ঠান প্রথম আলোর অনলাইন, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন দিলারা হানিফ পূর্ণিমা।