বিয়ের বিষয়টি গোপন রাখার জন্য অপুর ওপর চাপ ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপু–শাকিব জুটির প্রথম ছবি কোটি টাকার কাবিন–এর একটি দৃশ্য
অপু–শাকিব জুটির প্রথম ছবি কোটি টাকার কাবিন–এর একটি দৃশ্য

চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিয়ের বিষয়টি অপুর অভিভাবকেরা আগে থেকেই জানতেন। দুজনের ক্যারিয়ারের কথা ভেবে এ নিয়ে এত দিন চুপ ছিলেন তাঁরাও।
গতকাল সোমবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে অপু বিশ্বাস নিজেই বিয়ের বিষয়ে কথা বলার পর গণমাধ্যমের কাছে এ নিয়ে মুখ খোলেন অপুর মামা স্বপন কুমার রায়।
গতকাল বগুড়া শহরের কাটনারপাড়া এস কে লেনে অপু বিশ্বাসের বাড়িতে গেলে সেখানে তাঁর মামা বলেন, ‘শাকিবকে বিয়ে করার বিষয়টি ২০০৮ সালেই আমার বোন শেফালী বিশ্বাস (অপুর মা) এবং অপু আমাকে জানিয়েছিল। শাকিবের পরিবারের সম্মতিতেই বিয়েটা হয়েছিল। ধর্মান্তরিত হয়ে অপু ইসলাম ধর্মও গ্রহণ করেছিল। শাকিবের ইচ্ছাতেই এত দিন বিয়ের বিষয়টি গোপন রাখার জন্য অপুর ওপর চাপ ছিল।’
স্বপন কুমার প্রথম আলোকে বলেন, ‘শাকিব-অপুর ক্যারিয়ারের কথা ভেবে আমরাও এ নিয়ে টুঁ–শব্দ করিনি। বিয়ের পর মাত্র একবার পূজায় শাকিবকে নিয়ে বগুড়ার বাসায় এসেছিল অপু। সেটাও প্রায় চার বছর আগে। শাকিব বাসায় আসার পর জামাই হিসেবেই তাকে আপ্যায়ন করা হয়েছিল।’
স্বপন কুমার রায় আরও বলেন, ‘বিয়ের পর থেকেই শাকিব অপুকে মানসিকভাবে প্রচণ্ড চাপে রেখেছে। তারপরও এ নিয়ে অপু আমাদের কিছু বলতে দেয়নি। অপু দর্শকনন্দিত চিত্রনায়িকা। তার একটা ভালো ভবিষ্যৎ রয়েছে। শাকিব নিজেও অনেক বড় শিল্পী। দুজনের ক্যারিয়ার এবং ফুটফুটে সন্তানের কথা ভেবে দ্রুত ভুল-বোঝাবুঝির অবসান ঘটিয়ে অপুকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলবে, অভিভাবক হিসেবে এটাই চাওয়া আমাদের।’

টাইমলাইনে অপু-শাকিব
গতকাল ছেলেকে নিয়ে অপু বিশ্বাস আসেন জনসমক্ষে। বলেন, তাঁর সন্তানের বাবা শাকিব খান। এ নিয়ে চারদিকে তোলপাড়। চলুন এক নজরে দেখে নিই অপু ও শাকিবের সম্পর্ক এবং অপুর নিখোঁজ হওয়ার পরের ঘটনা—

.
.

এপ্রিল, ২০০৮
অপু-শাকিবের বিয়ে
২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ে হয় শাকিব খান ও অপু বিশ্বাসের। সেদিন শাকিবের গুলশানের বাসায় দুই পরিবারের কাছের লোকজনের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অপু বলেন, বিয়ের কাবিননামায় তাঁর নাম সে সময় অপু ইসলাম খান লেখা হয়।

.
.

মার্চ, ২০১৬
উধাও অপু
উধাও হওয়ার আগে সর্বশেষ ২০১৬ সালের ১৬ মার্চ সম্রাট ছবির ডাবিংয়ে দেখা গিয়েছিল অপু বিশ্বাসকে। এরপর থেকে অপু পুরোপুরি লোকচক্ষুর অন্তরালে চলে যান। এরপর অপু বিশ্বাসের মুঠোফোন বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় তাঁর ব্যায়ামাগারটিও।

.
.

সেপ্টেম্বর, ২০১৬
ছেলের জন্ম
অপু বিশ্বাস ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে ছেলেসন্তানের জন্ম দেন। সে সময় অপুর সঙ্গে ছিলেন তাঁর মেজ বোন ও মামা। অপুর ছেলের নাম আব্রাহাম খান জয়।

.
.

জানুয়ারি, ২০১৭
খোঁজ মিলল অপুর
২০১৭ সালের ২৬ জানুয়ারি প্রথম আলোর সঙ্গে যোগাযোগ করেন অপু বিশ্বাস নিজেই। জানান, কিছু পারিবারিক ঝামেলার কারণে সবার থেকে দূরে আছেন। সময় এলে সেই ঝামেলার কথা জানাবেন সবাইকে।

.
.

এপ্রিল, ২০১৭
অপু জনসমক্ষে
গতকাল ১০ এপ্রিল একটি টিভি টক শোতে ছেলে আব্রাহামকে নিয়ে প্রথমবার জনসমক্ষে আসেন অপু। জানান, শাকিব খান তাঁর সন্তানের বাবা। পরে শাকিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোর কাছে স্বীকার করেন যে আব্রাহাম তাঁর সন্তান।