বুবলী কোথায়, আমরা তাঁর সঙ্গে ছবি তুলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘রিভেঞ্জ’ ছবিতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা বুবলী
সংগৃহীত

মাদারীপুর জেলার শিবচর থানার ব্যাপারীর চর এলাকা। নদীর ধারজুড়ে বিস্তীর্ণ কাশবন। সেখানে লুকিয়ে আছেন রোশান। তাঁকে একদিকে খুঁজছেন মিশা সওদাগরের নেতৃত্বে একটি দল, অন্যদিকে পুলিশ কর্মকর্তা শবনম বুবলীর একটি দল। দুই দলই জানে, কাশবনে লুকিয়ে আছেন রোশান। কিন্তু কাশবনের ভেতরে রোশানকে খুঁজে পান না তারা। একসময় কাশবনে আগুন লাগিয়ে দেয় মিশার দল। বনজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। বাঁচতে পালাতে থাকে রোশান। তাঁর পিছু ধাওয়া করে মিশা ও বুবলীর দল। শুরু হয় গোলাগুলি।

১৪ ও ১৫ ডিসেম্বর এই দৃশ্য ধারণ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হলো ‘রিভেঞ্জ’ ছবির শুটিং। রোশান বলেন, প্রায় দশ বিঘা জমির কাশবনে কিছু কিছু জায়গায় আগুন দেওয়া হয়েছিল। বেশ ঝুঁকি নিয়ে দুই দিন শুটিং করতে হয়েছে। তিনি বলেন, ‘যখন তাঁরা আমার পিছু ধাওয়া করে, তখন কখনো কখনো বেশ ঝুঁকি নিতে হয়েছে। বেশ কৌশল করে শুটিং করেছি। অনেক সময় গায়ে আগুনের আঁচও লেগেছে। ভয় পেয়েছিলাম শট দিতে।’

অ্যাকশন ঘরানার হওয়ায় ছবিতে মারামারির দৃশ্যই বেশি
সংগৃহীত

রোশান বলেন, কাশবন ছবিটিতে নতুন একটা মাত্রা দেবে। জমির মালিক ছবির প্রযোজক। তাই সেখানে শুটিং করার সুযোগ পাওয়া গেছে। অ্যাকশন ঘরানার এই ছবিতে রোশানকে দেখা যাবে একজন ফাইটারের চরিত্রে। ছবিতে একটি ফাইটার ক্লাবের গল্প আছে। অ্যাকশন ঘরানার হওয়ায় ছবিতে মারামারির দৃশ্যই বেশি। ছবির বেশির ভাগ দৃশ্য ছিল ঝুঁকিপূর্ণ। একবার দুর্ঘটনার শিকারও হতে যাচ্ছিলেন তিনি।

অ্যাকশন ঘরানার এই ছবিতে রোশানকে দেখা যাবে একজন ফাইটারের চরিত্রে
সংগৃহীত

ছবিতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা বুবলী। পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় এই প্রথম। গ্ল্যামার নয়, নিজের চরিত্রটি ফুটিয়ে তোলার দিকে মনযোগী ছিলেন তিনি। শুটিংয়ে বেশ মজার অভিজ্ঞতাও হয়েছে। শুটিংয়ে বুবলীকে পুলিশ কর্মকর্তা হিসেবে দেখে চিনতে পারেননি ভক্তরা। ঢাকাই ছবির এই নায়িকা বলেন, ‘ভক্তদের এসব ব্যাপার দেখে মজা পেতাম। কোনো কোনো ভক্ত আমাকেই জিজ্ঞাসা করতেন “বুবলি কোথায়? আমরা তাঁর সঙ্গে ছবি তুলব।” শুনে খুব মজা পেতাম। শেষে মাস্ক খুলে তাঁদের সঙ্গে ছবি তুলেছি। আউটডোরে কতবার যে এমন ঘটনা ঘটেছে!’

‘রিভেঞ্জ’ ছবির পোস্টার
সংগৃহীত

ছবির পরিচালক এম ডি ইকবাল জানান, আগামী ঈদুল ফিতরে ‘রিভেঞ্জ’ ছবিটি মুক্তি পেতে পারে। ছবিতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, দীপা খন্দকার, মিমি প্রমুখ।