বৃষ্টি নিয়ে বিরক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিপুণ
নিপুণ

চলচ্চিত্র অভিনেত্রী নিপুণের মেয়ে পড়ছেন লন্ডনে। মেয়ের পরীক্ষার কারণে ১৫ জুন লন্ডন গিয়েছিলেন তিনি। দশ দিন পর গতকাল শুক্রবার দেশে ফিরেছেন নিপুণ। কিন্তু দেশে ফিরেই পড়েছেন ঝুম বৃষ্টির কবলে। বেশ কিছু শুটিংয়ের কাজ তাঁর আটকে গেছে বৃষ্টির জন্যই। আবার আউটডোর শুটিং থাকলেও বৃষ্টির জন্য তাও করতে পারছেন না। এ নিয়ে খানিকটা অস্বস্তিতেই পড়েছেন তিনি।
কথা প্রসঙ্গে নিপুণ বললেন, ‘দশদিন আগে যখন ঢাকা ছাড়ি তখন ছিল প্রচণ্ড গরম। দেশে ফেরার পর একেবারে উল্টো চিত্র দেখলাম। বিমানবন্দর থেকে বেরিয়েই পেয়েছি ননস্টপ বৃষ্টি। বনানীতে বাসায় আসা পর্যন্ত চারপাশে দেখলাম বৃষ্টির পানিতে রাস্তাঘাট থইথই করছে। প্রচণ্ড গরমের মাঝে এক পশলা বৃষ্টি যেখানে স্বস্তি দেওয়ার কথা, টানা বৃষ্টিতে ঘটছে ঠিক তার উল্টো। বৃষ্টিতে অনেকেই বাধ্য হয়ে কাজ স্থগিত করছেন। আউটডোর শুটিংয়ের কথা তো এখন ভাবাই যাচ্ছে না।’
এদিকে আজ শনিবার থেকে নাটকের শুটিং শুরু করেছেন নিপুণ। এ নাটকে নিপুণ অভিনয় করছেন মোশাররফ করিমের বিপরীতে। জানালেন, ‘শুধুই ইনডোর পার্টগুলোর কাজ করছি। জানি না, আউটডোর পার্টের কি হবে!’
একটানা বৃষ্টিতে শুটিং বাতিল হচ্ছে জানিয়ে নিপুণ বলেন, ‘কাল আমার একটা আউটডোর শুটিং ছিল। আজ সকালে জানানো হলো, টানা বৃষ্টিতে শুটিং আপাতত স্থগিত।’
টানা বৃষ্টি আর কিছুদিন চলতে থাকলে বাসা থেকে বের হওয়াটাই মুশকিল হয়ে পড়বে— জানালেন নিপুণ। বললেন, ‘সকালে শুটিংয়ে আসার পথে দেখলাম বিভিন্ন জায়গায় পানি জমে আছে। এতে রাস্তাঘাটে জ্যামও লেগে যাচ্ছে। ১০ মিনিটের রাস্তা পার হতে এক ঘণ্টারও বেশি সময় লেগে যাচ্ছে। এও শুনলাম, একটানা বৃষ্টিতে ঢাকার কোথাও বাসাবাড়ির নিচতলাতে পানি ঢুকে গেছে।’