বৃষ্টিমুখর দুপুরে নীরব এফডিসি

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মূল ফটকের নিরাপত্তাকর্মীরা দরজা খুলে বসে আছেন কার আশায় কে জানে! এমনিতেই দুই দিন হলো টিপটিপ বৃষ্টি। গতকাল সোমবার সকালেও তাই। এমন বৃষ্টি সঙ্গী করে হাতের ডানে ৪ নম্বর ফ্লোরের কাছে দাঁড়িয়ে দেখা গেল, আলো নেই, গুমোট অন্ধকার। পাশের ৩ নম্বর ফ্লোরের দরজা বন্ধ। কিন্তু মেকআপ রুমের পাশে একটি বাল্ব জ্বলছে এই দুপুরবেলা। এগিয়ে গেলে হাতের ডানে ক্যানটিন। সেটি তালাবদ্ধ। কবে খুলবে কেউ জানে না। ৯ নম্বর ফ্লোরে পেছনের দরজার সামনে দাঁড়িয়ে আছে একটি ট্রাক। ভেতর থেকে নানা ধরনের মালামাল নামানো হচ্ছে। মালামাল বলতে টেবিল, চেয়ার, বুক শেলফ, পুরোনো বইপুস্তকসহ নানা ধরনের জিনিসপত্র। একজন জানালেন, কাল থেকে এখানে বিজ্ঞাপনের শুটিং হবে। তারই ‘প্রপস’ এগুলো। একজন ক্রিকেটার অংশ নেবেন এই বিজ্ঞাপনে। কে সেই ক্রিকেটার, আপাতত চেপে গেলেন তিনি।
চলচ্চিত্র পরিচালক সমিতি ও শিল্পী সমিতির অফিসে ঈদের আগের মতো আনাগোনা নেই কারও। শিল্পী সমিতির সামনে ব্যস্ত কয়েকজন কাঠমিস্ত্রি। সমিতির অফিস রুমের পেছনের অংশের ইন্টেরিয়রের কাজ করছেন তাঁরা।
এফডিসির প্রশাসনিক ভবনের অনেকেই ব্যস্ত। গত ২৫ জুন সকালে এফডিসির ক্যামেরা ইনচার্জ হারুনুর রশীদ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তাঁর জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল গতকাল। হারুনুর রশীদের স্ত্রী ও সন্তানেরা এসেছেন।
জসীম ফ্লোরে অনেক দিন ধরেই সাত ভাই চম্পা নামে একটি মেগা ধারাবাহিকের কাজ চলছে। ঈদের ছুটি কাটিয়ে এসে শুটিংয়ে যোগ দিয়েছেন অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। মেগা ধারাবাহিকের পরিচালক রিপন নাগ জানালেন, শুটিংয়ে অংশ নিয়েছেন অভিনয়শিল্পী দোয়েল, অমিতসহ অনেকে।
এফডিসি এখনো পুরোপুরি কাজে ফেরেনি। কাটেনি ছুটির আমেজ।