বেঁচে থাকলে কাজ করা যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাকিব খান,নুসরাত ফারিয়া,আরিফিন শুভ,পূজা চেরি
শাকিব খান,নুসরাত ফারিয়া,আরিফিন শুভ,পূজা চেরি

চলচ্চিত্রের শুটিংয়ের অনুমতি মিলেছে, কিন্তু অনেক অভিনয়শিল্পীই এখনই শুটিং করতে ইচ্ছুক নন। তাঁদের মতে, এখনো করোনা পরিস্থিতি কাজ করার অনুকূলে নয়। তাই আগে পর্যবেক্ষণ করবেন, তারপরেই শুটিংয়ে অংশ নেবেন। প্রয়োজনে আরও এক–দুই মাস সময় নেবেন তাঁরা।

শাকিব খান বলেন, 'জীবিকার আগে জীবন। বেঁচে থাকলে কাজ করা যাবে। কিন্তু এই খারাপ পরিস্থিতির মধ্যে সবার আগে গুরুত্বপূর্ণ বেঁচে থাকা। দিন দিন করোনার যে পরিস্থিতি দেখা যাচ্ছে, এই অবস্থায় এখনই কোনোভাবেই কাজে নামব না।'


এখন আপাতত আগামী ২০ দিন সিনেমার শুটিংয়ের কথা ভাবছেন না আরিফিন শুভ। তিনি বলেন, 'এটি সহজ সময় না। সিনেমার শুটিং মানে অনেক বড় ইউনিট। প্রচুর মানুষের সমাগম। আগে দেখতে হবে শুটিং ইউনিটে নিরাপত্তা কেমন। নিরাপত্তা পর্যবেক্ষণ করেই শুটিংয়ের সিদ্ধান্ত নিতে হবে আমাকে। কারণ, আমার বাসায় অসুস্থ মা আছেন। আমার কারণে মাকে বিপদের মুখে ফেলতে পারি না।'

আগামী এক মাস শুটিংয়ের কোনো পরিকল্পনা নেই বিদ্যা সিনহা মিমের। কিন্তু শুটিং আটকে থাকা ইত্তেফাক ও পরাণ ছবির প্রযোজক ও পরিচালক থেকে শুটিংয়ের চাপ এলে কী করবেন? জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, 'চাপ এলেও করব না। আমার জীবন সবার আগে। তা ছাড়া আমার সঙ্গে আমার পরিবারের জীবনও জড়িত। সুতরাং আমি কোনোভাবেই এখনই হুটহাট কাজের সিদ্ধান্ত নেব না। তবে আমার বিশ্বাস, পরিচালক ও প্রযোজকেরাও বর্তমান পরিস্থিতি অনুধাবন করে শুটিং করা থেকে বিরত থাকবেন।'

নুসরাত ফারিয়ার কথা, গত ৭৫ দিন কাজ করা হয়নি, প্রয়োজনে এই পরিস্থিতিতে আরও ১০০ দিন কাজ করবেন না তিনি। পরিচালকের পক্ষ থেকে শিগগিরই শুটিং শুরুর আভাস দিলেও এখনই শুটিংয়ে অংশ নেবেন না বলে জানান তরুণ অভিনেত্রী পূজা চেরি। তিনি বলেন, 'সাইকো ছবির কিছু কাজ বাকি আছে। ছবির শিল্পীদের সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রুপে ছবিটির পরিচালক অনন্য মামুন ভাই কয়েক দিনের মধ্যেই কাজ শুরু করবেন বলে জানিয়েছেন। দেখলাম গ্রুপে কেউই ছবিটির শুটিংয়ে জন্য প্রস্তুত নন। আর আমি প্রস্তুত থাকলেও এই সময়ে শুটিং করব না।'
তবে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা থাকলে শুটিংয়ে অংশ নেওয়ার কথা ভাববেন মিশা সওদাগর। তাঁর হাতে এখন পাঁচটি ছবির কাজ আটকে আছে। মিশা সওদাগর বলেন, 'যদিও আগে জীবন তারপর বিনোদন, তারপরেও কাজ করতে হবে। সে ক্ষেত্রে শুটিং ইউনিটে অবশ্যই পরিপূর্ণ নিরাপত্তার ব্যবস্থা থাকতে হবে। এখন দেখা যাক, যাঁরা শুটিং আয়োজন করবেন, তাঁরা কতটুকু নিরাপত্তার ব্যবস্থা নিয়ে শুটিং শুরু করেন।'
সরকারের স্বাস্থ্যবিধিসহ নিজেদের কিছু শর্ত সাপেক্ষে ৫ জুন থেকে শুটিং করার অনুমতি দিয়েছে চলচ্চিত্রের সমিতিগুলো। শর্তের মধ্যে আছে গান, রোমান্টিক ও মারামারির দৃশ্য করার সময় ইউনিটের সবাইকে করোনা পরীক্ষা করে শুটিং করতে হবে। পাশাপাশি এই দৃশ্যগুলো করার সময় ইউনিট ছোট পরিসরে রাখতে হবে।
চলচ্চিত্র সমিতিগুলোর এক যৌথ সিদ্ধান্তে গত ২৫ মার্চ থেকে সিনেমার শুটিং বন্ধ ছিল।