বেতারে সরাসরি ইমন-আয়শা

ইমন নিজের বিয়ে আর সাংসারিক জীবনের গল্প বলবেন রেডিওতে। তাঁর বিয়ে ও সংসার নিয়ে অনেক না বলা কথা শোনাবেন এই অনুষ্ঠানে। তাঁর সঙ্গে থাকবেন স্ত্রী আয়শা। রেডিও স্বাধীন এফএম ৯২.৪-এ আজ বৃহস্পতিবার রাত ১১টায় ‘উড়াধুরা ভালোবাসা’ নামের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হবে। তিন ঘণ্টার এই অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকবেন কায়নাত।
ইমন আর আয়শার বিয়ে হয়েছিল ২০০৯ সালের ১৫ ফেব্রুয়ারি। তখন থেকেই পুরো ব্যাপারটি গোপন রাখেন ইমন। তাঁদের সংসারে আছে দুই ছেলে সামিন ও শায়ান। বিয়ের ব্যাপারটি গোপন রাখার কারণ হিসেবে ইমন জানালেন, নিজের ক্যারিয়ারের কথা ভেবেই বাধ্য হয়েছিলেন তিনি। চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন তখন তা গোপন রাখার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু সম্প্রতি ফেসবুকে আয়শার সঙ্গে তোলা সেলফি দিয়ে নিজের বিয়ে আর সন্তানদের খবর সবাইকে জানান ইমন।
এরপর প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন আমি মানসিক যন্ত্রণার মধ্যে ছিলাম। এখন আমি মুক্ত। মনে হচ্ছে বুকের ওপর থেকে বিশাল একটা পাথর সরে গেল। এখন থেকে সব অনুষ্ঠানে আমার স্ত্রীকে নিয়ে যাব।’