বোম পোশাকে অসুস্থ আরিফিন শুভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা অ্যাটাক ছবির শুটিংয়ে আরিফিন শুভ
ঢাকা অ্যাটাক ছবির শুটিংয়ে আরিফিন শুভ

শুটিংয়ে অভিনয়শিল্পীদের কত কিছুই না করতে হয়। অভিনয়শিল্পীরা তো কখনো কখনো স্ট্যান্টম্যান ছাড়াই ঝুঁকিপূর্ণ দৃশ্য ধারণে অংশ নিয়ে থাকেন। এমন নজির অনেক। অভিনয়শিল্পীরা মনে করেন, এতে চরিত্র হয়ে উঠে অনেক বেশি বাস্তব সম্মত। ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে তেমনি ভাবে কাজ করছেন আরিফিন শুভ। চরিত্রের প্রয়োজনে বোমা নিষ্ক্রিয় করার কাজে ব্যবহৃত ভারী পোশাক পড়ে তাঁকে কাজ করতে হচ্ছে। শরীরে অনেকক্ষণ ধারণ করে রাখা এমন ভারী পোশাকের কারণে শুটিং সেটে অসুস্থ হয়ে পড়েন শুভ। প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় বিশ্রাম শেষে আবার শুটিংয়ে অংশ নেন এই নায়ক।
চলতি মাসের শুরুতে দীপঙ্কর দীপনের পরিচালনায় ‘ঢাকা অ্যাটাক’ ছবির কাজ করছেন আরিফিন শুভ। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন মাহিয়া মাহি। ছবিতে শুভ সহকারী পুলিশ কমিশনারের চরিত্রে অভিনয় করছেন। পুলিশ কমিশনার হিসেবে আছেন আফজাল হোসেন।
গত রোববার সন্ধ্যায় আরিফিন শুভ বলেন, ‘অসাধারণ কাজ হচ্ছে। চরিত্রের প্রয়োজনে যা কিছু করা দরকার, সবই করছি। এ কারণেই বোমা নিষ্ক্রিয় করার পোশাকটি পরা। কিন্তু এই পোশাক এতটাই ভারী যা টানা অনেকক্ষণ শরীরে রাখা একেবারে অসম্ভব। আমার সঙ্গে পুলিশ বাহিনীর যেসব ভাইয়েরা কাজ করেছেন তাঁরাও এই বিষয়ে একমত হয়েছেন। তাঁদের মতে, তাঁরা শুধুমাত্র বোমা নিষ্ক্রিয় করার সময়টা পর্যন্ত ওই পোশাক শরীরে রাখেন। কিন্তু শুটিংয়ের কারণে এই পোশাক টানা অনেকক্ষণ গায়ে জড়িয়ে রাখতে হয়। হেলমেটের ওজনই হচ্ছে পাঁচ কেজি। একদিকে কাত হলেই মনে হয়, পুরো শরীর সেদিকে হেলে পড়ছে। আমি তো একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলি। তবে চূড়ান্তভাবে যেহেতু কাজটা ভালো হচ্ছে তাই কষ্ট অতটা মনে হচ্ছে না।’ 

ঢাকা অ্যাটাক ছবির শুটিংয়ে আরিফিন শুভ
ঢাকা অ্যাটাক ছবির শুটিংয়ে আরিফিন শুভ


এদিকে এই অভিজ্ঞতা থেকে আরিফিন শুভ আবেগাপ্লুত হয়ে পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘আজ এই বিশেষ চরিত্রটি করতে এসে বুঝতে পারছি পুলিশ ভাইয়েরা দেশ ও মানুষের স্বার্থে কত ঝুঁকি নেন। আমার ভাবতেই অবাক লাগছে, এত ভারী ড্রেস, হেলমেট পরে তাঁরা কীভাবে কাজ করেন? এই বিশেষ নিরাপত্তার পোশাক যদি বিকল হয়ে যায়, তাহলে তা জীবনের জন্য হুমকির হয়ে দাঁড়াতে পারে।’
দীপঙ্কর দীপনের ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে আরও রয়েছেন শতাব্দী ওয়াদুদ, নওশাবাসহ আরও অনেকে।