ভারত ও পাকিস্তানি অভিনেত্রীর টানে নিরব

এবারই প্রথম বলিউডের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের নিরব। প্রথম ছবিতে নায়িকা হিসেবে তাঁর বিপরীতে অভিনয় করবেন দক্ষিণ ভারতের আলোচিত অভিনেত্রী কবিতা রাঁধেশ্যাম ও পাকিস্তানি মীরা খান। এই দুই অভিনেত্রীর টানে শুটিংয়ে অংশ নিতে আজ সোমবার বিকেলের ফ্লাইটে ভারতে যাচ্ছেন নিরব।
ভারতের বেঙ্গালুরুর বিভিন্ন লোকেশনে ‘বালা’ নামের এই ছবির শুটিং কাল থেকে শুরু হবে। তবে নিরব শুটিং শুরু করবেন আরও দুদিন পর। নিরবের সঙ্গে এই ছবিতে অভিনয় করবেন ভারতের কবিতা রাঁধেশ্যাম ও পাকিস্তানি মীরা খান। আজ রোববার সকালে প্রথম আলোর সঙ্গে আলাপে নিরব বলেন, ‘ছবিটি নিয়ে পরিচালক আমাকে যেভাবে সার্পোট করছেন, তাতে আমি অনেক বেশি আত্মবিশ্বাসী। নতুন একটি অভিজ্ঞতা হবে।’
এই ছবিতে কি আপনাকে হিন্দিতে সংলাপ দিতে হবে? নিরব বললেন, ‘পরিচালক তো আমাকে সেভাবেই বলেছেন। আমি এমনিতে একটু-আধটু হিন্দি বলতে পারি। শুনেছি, পরিচালক আমার জন্য একজন প্রম্পটার রেখে দেবেন। তাঁর সহযোগিতায় উতরে যেতে পারব।’
‘বালা’ ছবিটি পরিচালনা করছেন ভারতীয় নির্মাতা ফয়সাল সাইফ। এর আগে এই পরিচালক ‘জিজ্ঞাসা’, ‘পাঁচ ঘান্টে মে পাঁচ ক্রোর’, ‘ম্যায় হু রজনীকান্ত’ প্রভৃতি ছবি পরিচালনা করেছেন।
‘বালা’ ছবিতে একজন গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন নিরব। এই ছবির শুটিংয়ের জন্য টানা ২৬ দিন নিরবকে ভারতে থাকতে হবে।
নিরব বলেন, ‘এটা অবশ্যই আমার অভিনয়জীবনের জন্য বড় একটি ঘটনা। হয়তো এটা বলিউডের বিগ বাজেটের কোনো ছবি নয়, কিন্তু বলিউড মানে বলিউডই। বর্তমান বিশ্ব চলচ্চিত্রে বলিউডের অবস্থান বেশ শক্ত। ওদের বাজারটাও বড়। এখানে সবকিছুই আন্তর্জাতিক মানের। আমার শেখার অনেক কিছুই আছে সেখানে। সব অভিনেতাই স্বপ্ন দেখেন এমন বিশ্বমানের ইন্ডাস্ট্রি ও বাজারে নিজের ছবি হোক। সেই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। সত্যি দারুণ এক প্রাপ্তি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন বাংলাদেশের চলচ্চিত্র ও সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করে অনেক দূর পৌঁছাতে পারি।’