ভারত থেকে ফিরে বান্দরবানে

ঈদের পরপরই ভারতের কলকাতায় গিয়েছিলেন বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। প্রয়োজনীয় কাজ সেরে শুক্রবার বিকেলে ঢাকায় আসেন তিনি। পরদিন বিকেলে বান্দরবানে ছুটে যেতে হয়েছে তাঁকে। সেখানে দিন দশেকের বেশি সময় থাকবেন তিনি। শুটিং করবেন ‘প্রেমী ও প্রেমী’ সিনেমার।
জাকির হোনের রাজু পরিচালিত এই ছবিতে শুভর বিপরীতে অভিনয় করছেন নুসরাত ফারিয়া।
প্রথম আলোর সঙ্গে আলাপে আরিফিন শুভ বলেন, ‘বান্দরবানেই শুরু হয়েছিল “প্রেমী ও প্রেমী” ছবির কাজ। চমৎকার সেটও বানানো হয়েছিল। বেশ ভালোভাবে আমরা কাজ শুরু করেছিলাম। কিন্তু নায়িকার হঠাৎ অসুস্থতার কারণে আমরা তখন বান্দরবান অংশের পুরো শুটিং শেষ করতে পারিনি। তাই আবার নতুন করে প্ল্যানিং করতে হয়েছে। এবার আমরা সেখানে ১২ দিনের মতো শুটিং প্ল্যান করেছি। বেশ কয়েকটি দৃশ্যের কাজ হবে এখানে। এখানে কাজ শেষ আবার এই ছবির শুটিংয়ে ছুটতে হবে ভারতে।’