ভালোবাসা থেকেই কৃষ্ণপক্ষে ফেরদৌস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেরদৌস
ফেরদৌস

হুমায়ূন আহমেদের ‘কৃষ্ণপক্ষ’ উপন্যাসের কাহিনি থেকে নির্মিত হচ্ছে ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রটি। এরই মধ্যে ঢাকার উত্তরায় এ ছবির শুটিংও শুরু হয়ে গেছে। ছবির একটি গুরুত্ব পূর্ণ চরিত্রে অভিনয় করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস। আজ মঙ্গলবার তাঁর শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে। এ ছবিতে তাঁর উপস্থিতি খুব অল্প সময়ের হলেও ফেরদৌস তাঁর চরিত্রটি নিয়ে বেশ উদ্বেলিত। শনিবার দুপুরে কলকাতা থেকে মুঠোফোনে প্রথম আলোকে থেকে এমনটাই জানিয়েছেন ফেরদৌস। ফেরদৌস জানিয়েছেন, ‘কৃষ্ণপক্ষ’ উপন্যাসটি তাঁর খুব প্রিয়। আর এই ভালো লাগার কারণেই এ ছবিতে অভিনয় করছেন তিনি।

এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। ‘কৃষ্ণপক্ষ’ আমার প্রিয় উপন্যাস। আমাকে যখন ছবির নির্মাতা শাওন এবং এ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান চ্যানেল আই থেকে কাজ করার কথা বলা হলো, আমি অন্য কোনো কিছুই চিন্তা করিনি। আমার কাছে মনে হয়েছে যে, এটা করতে আমার ভালো লাগবে।

এদিকে নির্মাতা শাওন প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘এর আগে হুমায়ূন আহমেদের “চন্দ্রকথা” ছবির গানের কোরিওগ্রাফি শাওন করেছেন। “আমার আছে জল” ছবিতে একই কাজ করেছেন তিনি। সে অর্থে তাঁর নির্মাণের প্রতি আমার আস্থা আছে। আমার কাছে মনে হয়, সে খুব ভালো করবে। সে খুবই ট্যালেন্টেড। তা ছাড়া এ ছবির মাধ্যমে মাহীর সঙ্গেও কাজ করা হবে। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে, ইন্টারেস্টিং কিছু একটা হবে।’

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ফেরদৌস তাঁর অভিনয়জীবনের শুরু থেকেই দুই বাংলায় সমানতালে কাজ করে চলছেন। এই মুহূর্তে তিনি কলকাতায় কাজ করছেন প্রদ্যুত ব্যানার্জির নাম ঠিক না হওয়া একটি ছবির। এতে তিনি অভিনয় করছেন প্রখ্যাত অভিনেতা ভিক্টর ব্যানার্জির সঙ্গে। এ ছাড়া তাঁর সঙ্গে আছেন পলোমি সেনগুপ্ত ও ঋতিকা সেন। কলকাতায় ফেরদৌস অভিনীত অন্য ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘হঠাৎ বৃষ্টি’, ‘চুপিচুপি’, ‘দাদাঠাকুর’, ‘টক ঝাল মিষ্টি’, ‘খোকাবাবু’, ‘ফাইটার’, ‘খোলা হাওয়া’ ও ‘ছেড়ে যাস না’।