মনরোর সাজে বিপাশা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘রাজনীতি’ সিনেমার আইটেম গানে মেরিলিন মনরোর সাজে বিপাশা কবির
‘রাজনীতি’ সিনেমার আইটেম গানে মেরিলিন মনরোর সাজে বিপাশা কবির

পাঠক, ছবিটা দেখে খটকা লাগছে কি? মনে পড়ে যেতে পারে ‘দ্য সেভেন ইয়ার ইচ’ ছবির বিখ্যাত অভিনেত্রী মেরিলিন মনরোর কথা! হ্যাঁ, সেই ঢংয়েই কিছুটা সেজেছেন ঢালিউডের নায়িকা ও আইটেম কন্যা বিপাশা কবির। ‘রাজনীতি’ ছবির আইটেম গানে এভাবেই দেখা যাবে তাঁকে।
কবির বকুলের লেখা ও দিনাত জাহান মুন্নীর গাওয়া ‘প্রেমের জন্য জীবন বাজি, প্রেমের এই রীতি’ শিরোনামে গানের সঙ্গে নৃত্য করেছেন তিনি। মেরিলিন মনরোর আদলে নিজেকে উপস্থাপন প্রসঙ্গে বিপাশা কবির বলেন, ‘এই পরিকল্পনা পরিচালকের মাথা থেকে এসেছে। আমরা ছবির আইটেম গান বা টাইটেল গান যাই করি না কেন, সব গান একই রঙে, একই ঢংয়ে হয়ে থাকে। এবার একটু ভিন্নভাবে তুলে আনার চেষ্টা করা হয়েছে এখানে।’
তিন রাত ধরে ঢাকার বাইরে রাজনীতি সিনেমার এই আইটেম গানের জন্য শুটিং হয়েছে। শীতের মধ্যে কাজটি করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানান এই অভিনেত্রী।
বাংলাদেশি সিনেমার আইটেম কন্যা খ্যাত বিপাশা কবিরকে মেরিলিন মনরোর সাজ দেওয়া প্রসঙ্গে ছবির পরিচালক বুলবুল বিশ্বাস বলেন, ‘মেরলিন মনরোর আমার পছন্দের অভিনয়শিল্পীদের একজন। তাঁর সেই স্কার্ট উড়ে যাওয়ার দৃশ্যটি জগৎজুড়ে বিখ্যাত। মনে মনে আমারও একটা ইচ্ছে ছিল, কোনো দিন সিনেমা বানালে মনরোর সেই বিখ্যাত দৃশ্য ব্যবহার করব। রাজনীতি সিনেমার আইটেম গান শোনার পর মনে হলো মনরোর স্কার্ট ওড়ে যাওয়ার সেই বিখ্যাত ওই দৃশ্যটা ব্যবহার করলে ভিন্নরকম কিছু হবে। চেষ্টাও করেছি। বাকিটা ছবিটি দেখার পর দর্শকেরা বলতে পারবেন।’
গেল সপ্তাহে টানা তিন রাত ধরে পুবাইলের উলুখোলার লোকেশনে গানটির শুটিংয়ে বিপাশা কবিরের সঙ্গে আরও অংশ নেন অমিত হাসান, শিবা সানু ও ডিজে নাদিম।