মনের আনন্দে মাছ ধরছেন রাজ্জাক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমানঘাঁটির একটি পুকুরে মাছ ধরার এক মুহূর্তে ‘নায়করাজ’ রাজ্জাক, ছবি: রাজ্জাকের ছেলে সম্রাটের ফেসবুক থেকে নেওয়া।
যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমানঘাঁটির একটি পুকুরে মাছ ধরার এক মুহূর্তে ‘নায়করাজ’ রাজ্জাক, ছবি: রাজ্জাকের ছেলে সম্রাটের ফেসবুক থেকে নেওয়া।

‘শেষ কবে বড়শিতে মাছ ধরেছি মনে নেই। আজ (বৃহস্পতিবার) অনেক দিন পর মাছ ধরলাম। মাছ ধরার সময়টা দারুণ কাটছে। এ এক অন্যরকম অনুভূতি।’— এ কথা বলেছেন ‘নায়করাজ’খ্যাত অভিনেতা রাজ্জাক। যশোরে সম্প্রতি তাঁর মেয়ের বাসায় বেড়াতে গিয়ে বহুকাল পর আবারও মাছ ধরার সুযোগ আর অভিজ্ঞতা হয়েছে গুণী এই অভিনয়শিল্পীর।

রাজ্জাকের মেয়ে আফরিনা আলম (ময়না) তাঁর স্বামী এয়ার কমোডর শফিকুল আলমের সঙ্গে যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমানঘাঁটিতে থাকেন। কিছুদিন আগে তাঁরা ঢাকায় এসেছিলেন রাজ্জাককে দেখতে। যশোর ফেরার সময় রাজ্জাকের মেয়ে ময়না তাঁর বাবা-মা দুজনকেই দিন কয়েকের জন্য তাঁর কাছে নিয়ে যেতে চান। উদ্দেশ্য, বাবাকে নিয়ে ঘুরে বেড়ানো। রাজ্জাকও মেয়ে এবং পরিবারের অন্য সবার সঙ্গে সময় কাটাতে যশোর যেতে রাজি হন।
বুধবার বিকেলের ফ্লাইটে স্ত্রী লক্ষ্মীকে নিয়ে যশোর পৌঁছান রাজ্জাক। এদিকে, আজ বৃহস্পতিবার সকালে রাজ্জাকের ছেলে বাপ্পারাজ ও সম্রাট তাঁদের স্ত্রী সন্তানদের নিয়ে সড়কপথে বোনের বাসায় যান। সেখানেই এক আনন্দঘন পারিবারিক পুনর্মিলনী হয়েছে তাঁদের। বাড়তি হিসেবে রাজ্জাক পেয়েছেন মাছ ধরার আনন্দ।
প্রসঙ্গত, বেশ কয়েক বছর ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন অভিনেতা রাজ্জাক। হঠাৎ করেই একদিন সমস্যাটা মাথাচাড়া দিয়ে উঠেছিল। সে সময় কয়েক দিনের জন্য তাঁকে হাসপাতালে থাকতে হয়েছে। শরীরের এমন অবস্থার কারণে চিকিৎসক রাজ্জাককে শুটিং করতেও বারণ করেছেন। এ কারণে পুরোটা সময় তাঁকে বাসায় কাটাতে হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোর সঙ্গে আলাপে যশোর থেকে রাজ্জাক বলেন, ‘বহুদিন পর ঢাকার বাইরে বেড়াতে এলাম। অবশ্য চিকিৎসকের পরামর্শ মেনেই এসেছি। আমার মেয়ের জামাই তো এয়ার কমোডর। তারা এখন যশোরে থাকে। খুব সুন্দর জায়গা। আমার খুবই ভালো লাগছে।’
রাজ্জাক আরও বলেন, ‘কাল সকালে সবাই মিলে সুন্দরবন দেখতে যাব। সেভাবেই পরিকল্পনা করা হয়েছে। আশপাশের অন্যান্য দর্শনীয় জায়গা ঘুরে দুদিন পর ঢাকায় ফিরে যাওয়ার ইচ্ছে।’
রাজ্জাক সর্বশেষ বাপ্পারাজের নির্দেশনায় ‘কার্তুজ’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘আয়নাকাহিনী’ ছবিটি নির্মাণ করেছেন। এতে কেয়া ও সম্রাট প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছিলেন।