মস্কোয় জুরি পুরস্কার পেল 'ডুব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার মস্কো আন্তর্জাতিক চলচিত্র উৎসবে কমেরসান্ত জুরি পুরস্কার পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালিত ছবি ‘ডুব’। আজ বৃহস্পতিবার উৎসবের সমাপনী দিনে এ পুরস্কার ঘোষণা করা হয়।

আজ অক্টোবর সিনেমা হলে রুশ চলচিত্র সমালোচক আন্দ্রেই প্লাখোব ফারুকীর হাতে এই পুরস্কার তুলে দেন। এবারের উৎসবে ছবিটি প্রতিযোগিতা বিভাগে সেরা ছবির লড়াইয়ে আছে। তার ফলাফল দেওয়া হবে আজ রাতে।

পুরস্কার পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রথম আলোকে ফারুকী বলেন, ‘মস্কো উৎসবে প্রতিযোগিতা বিভাগে সম্ভবত আমি বাংলাদেশি ছবি নিয়ে প্রথম এলাম; গতকাল শো শেষে দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছি। আজ পুরস্কার পেলাম, সত্যিই আমি খুব খুশি।’

গতকাল বুধবার মস্কোর অক্টোবর সিনেমা হলে প্রদর্শিত হয় ফারুকী নির্মিত আলোচিত ছবি ‘ডুব’। প্রদর্শনী শেষে রুশ দর্শকেরা বাংলাদেশি চলচ্চিত্রের প্রশংসা করেন।

রুশ চলচিত্র সমালোচক আন্দ্রেই প্লাখোব বলেন, ‘রাশিয়ায় আমরা বাংলাদেশি সিনেমা কমই দেখতে পাই। মার্কিন আর ইউরোপীয় সিনেমার প্রভাবে রাশিয়ার সিনেমা যখন স্বকীয়তা হারাতে যাচ্ছে, সেখানে বাংলাদেশের নির্মাতারা নিজেদের গল্প নিয়ে দারুণ সব সিনেমা বানাচ্ছেন।’