মা হারানোর দুই মাস আগের স্মৃতিটাই জন্মদিনের সেরা উপহার
তখনো ছোট্ট প্রার্থনা ফারদিন দীঘির পৃথিবী বলতেই ছিলেন তাঁর মা অভিনেত্রী দোয়েল। মায়ের সঙ্গেই থাকতেন সারাক্ষণ। সেই মা হঠাৎ অসুস্থ হয়ে শয্যাশায়ী হলেন। ছোট্ট দীঘির দিনটা তখন বড় হয়ে গেল। সময় আর কাটতেই চায় না। এই দিনগুলোতেই একদিন দীঘি মায়ের কানের কাছে আস্তে করে জানালেন, আজ তাঁর জন্মদিন। অনেক দিন পর তাঁর মা সেদিন একটু নড়ে উঠলেন। তখনই মায়ের কাছ থেকে যে উপহার পেলেন, সেটা এখনো তাঁর জন্মদিনের সেরা উপহার। আজ জন্মদিনে মায়ের সেই উপহারের কথা দীঘির খুব মনে পড়ছে।
দীঘি বলেন, ‘আমার তখন প্রতিদিন মন খারাপ থাকত। মায়ের জন্য কষ্ট হতো। একাকী লাগত। সব সময় চাইতাম, মা আমার সঙ্গে কথা বলুক। কিন্তু কথা বলতে মায়ের কষ্ট হতো। মা খুব একটা নড়তেন না। আমি মায়ের পাশে দাঁড়িয়ে থাকতাম। এমন সময় আমার জন্মদিন আসে। মনে হচ্ছিল, মা আবার সেই আগের মতো সুস্থ হয়ে আমার জন্মদিন পালন করবেন। পরিচিত সবাইকে জানাবেন, আজ দীঘির জন্মদিন। অনেক আয়োজন করবেন। কিন্তু কিছুই হলো না। মা নড়েন না। সেভাবে কথা বলেন না। আমি মায়ের পাশে দাঁড়িয়ে বললাম, মা, আজ আমার জন্মদিন। শুনে মা হঠাৎ শরীরে একটু বল পেলেন। মুখটা আমার দিকে এনে ঘাড়ে চুমু দিলেন। অনেক দিন পর মাকে এভাবে দেখে খুশি হয়েছিলাম। এখনো মনে হয়, মায়ের সেই চুমু ঘাড়ে লেগে আছে। জন্মদিনে মায়ের এই উপহার কখনোই আমি ভুলব না।’
জন্মদিন উদ্যাপন করতে এখন আর অত আগ্রহ পান না দীঘি। দিনটায় কোনো শুটিং রাখেন না। আজ বাসায় থাকবেন। পরিবার ও বন্ধুদের সঙ্গে দিনটা কাটাবেন। পরিকল্পনা আছে রান্না করার। তবে বলে রাখলেন, বাইরেও খেতে বের হতে পারেন। ১০ বছর আগে যে দীঘি শিশুশিল্পী ছিলেন, তিনি এখন নায়িকা। আরও বড় হয়ে দীঘি কী করতে চান? এমন প্রশ্নে দীঘি হেসে বলেন, ‘আমি তো এখনো নায়িকা নই। আমি আরও অভিনয়ের অভিজ্ঞতা নিতে চাই। আরও বড় হয়ে আরও ভালো মানুষ হতে চাই। আমার ইচ্ছা নায়িকা নয়, একজন অভিনেত্রী হয়ে ওঠা। আমি সব সময় সেই চেষ্টা করি।’
২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত ৬ বছরে ৩৬টি চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন দীঘি। শিশু অভিনেতা হিসেবে তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দীর্ঘ বিরতির পর ‘তুমি আছো তুমি নেই’ সিনেমায় নায়িকা হিসেবে দীঘির অভিষেক। এর মধ্যেই তিনি নাম লিখিয়েছেন ‘বঙ্গবন্ধু’, ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’সহ বেশ কিছু সিনেমায়। কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ উপন্যাস অবলম্বনে একই নামে সরকারি অনুদানের একটি সিনেমার শুটিং নিয়ে এখন ব্যস্ত। গতকাল সিনেমাটির ঢাকার অংশের শুটিং শেষ করেছেন। সিনেমাটি পরিচালনা করছেন আবদুস সামাদ খোকন।