মাদককে না বলা নিয়ে 'স্বর্গ থেকে নরক'

প্রথম আলোর আয়োজনে অনেকবার মাদকের ভয়াবহতা নিয়ে সমাজের তরুণ প্রজন্মের সঙ্গে কথা বলেছেন ফেরদৌস ও নিপুণ। মাদকের ভয়াবহতা নিয়ে সচেতন করে যাচ্ছেন তরুণ প্রজন্মকে। এবার এই দুই অভিনয়শিল্পী সিনেমার মাধ্যমে মাদককে ‘না’ বলতে যাচ্ছেন। মাদকের ভয়াবহতা নিয়ে নির্মীয়মান সিনেমায় অভিনয় করছেন তাঁরা। গত ১৫ জুলাই থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে। নাম স্বর্গ থেকে নরক। পরিচালনা করছেন বিশিষ্ট দন্ত-চিকিৎসক অরূপ রতন চৌধুরী। ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তিনি।
নিপুণ বলেন, ‘সিনেমায় আমি অনেক ধরনের চরিত্রে অভিনয় করেছি। কিন্তু স্বর্গ থেকে নরক একেবারেই ভিন্নধর্মী একটি ছবি। এই ছবির মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে মাদকের ভয়াবহতার নানা দিক তুলে ধরা হবে। সামাজিক সচেতনতামূলক গল্পের এ ছবিতে অভিনয় করতে পারছি ভেবে ভালো লাগছে।’
ফেরদৌস বলেন, আমি বরাবরই ভিন্ন কিছু করার চেষ্টা করেছি। যা সমাজের উপকারে আসবে। প্রথম আলোর মাদকবিরোধী আন্দোলনের সঙ্গে শুরু থেকে আমি যুক্ত আছি। স্বর্গ থেকে নরক ছবির ভাবনা খুবই পছন্দ হয়েছে। তাই এই ছবিতে অভিনয় করছি।
অরূপ রতন চৌধুরী বলেন, ‘৩০ বছর ধরে ধূমপানবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত আছি। নিজের গড়া সংগঠন মাদকদ্রব্য নেশা নিরোধ সংস্থা (মানস) থেকে মাদকের ভয়াবহতা নিয়ে সচেতনতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছি। টেলিভিশনে নিয়মিত অনুষ্ঠান করছি। ভাবলাম, এই ভয়াবহতা সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সিনেমার বিকল্প নেই।’