মার্কিন দুই ডিজিটাল প্ল্যাটফর্মে বিনা মূল্যে দেখা যাবে ‘গোর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দ্য গ্রেভ’ বা ‘গোর’ চলচ্চিত্রের দৃশ্যে গাজী রাকায়েতের (ডানে) সঙ্গে সহশিল্পী
ছবি : সংগৃহীত

মাস তিনেক আগে যুক্তরাষ্ট্রে ‘গোর’ (‘দ্য গ্রেভ’) সিনেমাটি মুক্তির খবর দিয়েছিলেন পরিচালক গাজী রাকায়েত। এবার আরেকটি সুখবর দিলেন। যুক্তরাষ্ট্রভিত্তিক দুটো ডিজিটাল প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি দেওয়া হয়েছে। একটি প্লেক্স টিভি, অন্যটি টাইফুন টিভি। এই দুই প্ল্যাটফর্ম থেকে কোনো ধরনের ফি ছাড়াই ছবিটি দেখতে পাবেন দর্শক। প্রথম আলোকে খবরটি জানিয়েছেন এই ছবির পরিচালক গাজী রাকায়েত।
পরিচালক গাজী রাকায়েত বলেন, ‘ওই দেশের দুটি প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের সিনেমাপ্রেমী সবার কাছে আমার ছবিটি পৌঁছে দিচ্ছি। এতে করে আমাদের দেশের নির্মাণ এবং গল্প সম্পর্কে তাঁরা ধারণা পাবেন।’

‘দ্য গ্রেভ’ বা ‘গোর’ চলচ্চিত্রের দৃশ্যে গাজী রাকায়েতের (ডানে) সঙ্গে সহশিল্পী
ছবি : সংগৃহীত

গাজী রাকায়েত জানান, ডিভাইস অনুযায়ী অ্যাপস ডাউনলোড করে বা লিংক ব্যবহার করে ছবিটি দেখা যাবে। আগ্রহী যে কেউ ডেস্কটপ, ল্যাপটপ বা মুঠোফোনে ছবিটি উপভোগ করতে চাইলে https://app.plex.tv/desktop/#! /search?query=tHE%20gRAVE লিংকে ব্রাউজ করতে হবে।

‘দ্য গ্রেভ’ বা ‘গোর’ চলচ্চিত্রের দৃশ্যে গাজী রাকায়েতের (ডানে) সঙ্গে সহশিল্পী
ছবি : সংগৃহীত

গত বছরের ডিসেম্বর মাসে বাংলাদেশে মুক্তি পেয়েছিল ‘গোর’। ইংরেজিতে ছবিটির নাম দেওয়া হয়েছে ‘দ্য গ্রেভ’। মুক্তির সময়ই জানানো হয়েছিল, আন্তর্জাতিকভাবেও ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে। সেই চিন্তা থেকেই ছবিটি দুই ভাষায় শুটিং করা হয়েছিল। এ বছরের ১৪ মে নর্থ হলিউডের লায়েম লে নোহো হলে ছবিটি মুক্তি পেয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট থেকে জানা যায়, তখন প্রতিদিন ছবিটির তিনটি করে প্রদর্শনী হয়।
পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন গাজী রাকায়েত। যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর ও গাজী রাকায়েত। সরকারি অনুদানে নির্মিত এই ছবির পরিবেশনায় আছে ইমপ্রেস টেলিফিল্ম। ছবির বিভিন্ন দৃশ্যে অভিনয় করেছেন গাজী রাকায়েত, আশিউল ইসলাম, গাজী আমাতুন নূর, এ কে আজাদ সেতু, দ্বীপান্বিতা মার্টিন, মৌসুমি হামিদ, সুষমা সরকার, শামীম তুষ্টি, মামুনুর রশীদ, দিলারা জামান, এস এম মহসিন ও কাজী আনিসুল হক বরুণ।

‘দ্য গ্রেভ’ বা ‘গোর’ চলচ্চিত্রের দৃশ্যে সুষমা সরকারের সঙ্গে সহশিল্পী
ছবি : সংগৃহীত

১৯৯৭ সালে গাজী রাকায়েতের চিত্রনাট্যে ‘গোর’ নামে একটি ৫৫ মিনিটের নাটক নির্মাণ করেছিলেন সালাহউদ্দিন লাভলু। প্রচারিত হয়েছিল ১৯৯৮ সালে। নাটকটির জন্য পরের বছর প্রথমবার আয়োজিত মেরিল-প্রথম আলো পুরস্কারে সেরা নির্মাতার পুরস্কার পেয়েছিলেন লাভলু আর সেরা অভিনেত্রী হয়েছিলেন বিপাশা হায়াত। ওই গল্প উপজীব্য করেই এবার চলচ্চিত্র নির্মাণ করছেন গাজী রাকায়েত। তাঁর মতে, ‘আমাদের এক ঘণ্টার নাটকের গল্প দিয়ে সিনেমা নির্মাণ করা সম্ভব। কয়েক বছর ধরে যেসব নির্মাতা জাতীয়সহ বিভিন্ন পুরস্কার পাচ্ছেন, তাঁরা বেশির ভাগই নাটক নির্মাণ করে এই জগতে এসেছেন। আগে তাই গল্পগুলোকে যত্ন করতে হবে।’