মালয়েশিয়ায় 'লাভ ম্যারেজ'

মালয়েশিয়ায় বাণিজ্যিকভাবে মুক্তি পাচ্ছে বাংলাদেশের ছবি লাভ ম্যারেজ। ১৬ থেকে ১৮ অক্টোবর মালয়েশিয়ার কুয়ালালামপুর, জোহর, পেনাং, পেরাকসহ ১০টি শহরের ১৮টি সিনেপ্লেক্সে প্রদর্শন করা হবে ছবিটি। যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে রিগ্যাল পিকচার্স মালয়েশিয়া ও রিগ্যাল পিকচার্স অ্যান্ড সার্ভিসেস বাংলাদেশ। এ উপলক্ষে গত রোববার সন্ধ্যায় কুয়ালালামপুরের এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রিগ্যাল পিকচার্স মালয়েশিয়ার চেয়ারম্যান রাজা আজমান, প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকাশ মাথাভান, প্রতিষ্ঠানের কর্মকর্তা কাসাভান, নরেশ, পারামাগুরুসহ আরও অনেকে।
এ উদ্যোগ নিয়ে রিগ্যাল পিকচার্স অ্যান্ড সার্ভিসেস বাংলাদেশের ম্যানেজিং পার্টনার সাব্বির হোসেন মুঠোফোনে বলেন, ‘এখন থেকে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিরা নিয়মিত তাঁদের পছন্দের চলচ্চিত্র এবং তারকাদের প্রেক্ষাগৃহে দেখতে পাবেন।’
বাংলাদেশে লাভ ম্যারেজ ছবিটি মুক্তি পায় এ বছর রোজার ঈদে। এ বছর দেশের অন্যতম ব্যবসাসফল ছবি লাভ ম্যারেজ। পরিচালক শাহিন সুমন। এতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর, সাদেক বাচ্চু, কাবিলা প্রমুখ।