মাহি ও আমার কথাগুলো ছড়াচ্ছে তৃতীয় পক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুসরাত ফারিয়া
নুসরাত ফারিয়া

উপস্থাপনা দিয়ে শোবিজে কাজ শুরু নুসরাত ফারিয়ার। তিন বছরের ক্যারিয়ারে প্রায় সাত শ অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। দেখা গেছে বিজ্ঞাপনচিত্রেও। গত বছর চলচ্চিত্রেও নাম লেখান। কিন্তু সেই ছবিটির কাজই শুরু হয়নি। সম্প্রতি আবার চলচ্চিত্রে নাম লিখিয়েছেন তিনি। তাঁর এবারের ছবিটির নাম ‘প্রেমী ও প্রেমী’।
নুসরাত ফারিয়ার চলচ্চিত্র অভিষেক স্মরণীয় করে রাখতে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান রাজধানীর ঢাকার একটি পাঁচতারকা হোটেলে জমকালো মহরত অনুষ্ঠানের আয়োজন করে। এখানে উপস্থিত সবার সঙ্গে ঢাকাই চলচ্চিত্রের নতুন নায়িকা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় ফারিয়াকে। ১০ জুন ছবির শুটিংয়ের জন্য স্কটল্যান্ডে যাওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত তাঁকে ঢাকায় পাওয়া গেছে। দেরির কারণসহ বিভিন্ন প্রসঙ্গে কথা হয় তাঁর সঙ্গে...
১০ জুন আপনার স্কটল্যান্ডে যাওয়ার কথা ছিল:
তেমনটাই তো কথা ছিল। কিন্তু ভিসা না হওয়ায় যেতে পারিনি। ফাইনালি ১৮ তারিখে যাব তা এখন নিশ্চিত হয়। সেভাবে প্রস্তুতিও নিচ্ছি।
কত দিন থাকতে হবে?
মাস খানেকেরও বেশি সময়। আমি আসলে খুবই এক্সাইটেড ছবিটির ব্যাপারে। এটি আমার প্রথম ছবি। এই ছবির ব্যাপারে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলছি। নিজেকে ছবিটির জন্য তৈরি করছি।
তার মানে তো ঈদে ঢাকায় থাকা হচ্ছে না?
হুমম। তবে আম্মু যেহেতু সঙ্গে আছে, তাই খুব এটা ভাবছিও না। ঈদে যেহেতু থাকব না তাই এরই মধ্যে বোনের কাছ ঈদের জামা পেয়ে গেছি।
প্রথম ছবিতে চুক্তিবদ্ধ হয়েও কাজটি শুরু করতে পারেননি। এ নিয়ে কি কোনো মন খারাপ হয়েছিল?
একদমই না। ছবিটির কাজ শুরু না হওয়ার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। এটা প্রযোজক আর পরিচালকরাই ভালো জানেন। চুক্তি হওয়ার পর যখন দেখলাম শুটিং শুরু নিয়ে গড়িমসি হচ্ছে তখনই কাজটি নিয়ে সংশয়ে পড়ে যাই। একটা সময় আমার ধারণাই সত্যি হলো।
একটা কথা চাউর আছে, জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে আপনার যুক্ত হওয়ার পর থেকে মাহীর সঙ্গে প্রতিষ্ঠানটির জটিলতা তৈরি হয়েছে?

সি ইজ অ্যা ম্যাচিউরড গার্ল। আই অ্যাম এ ম্যাচিউরড গার্ল। আসলে আমরা দুজনে জানি কখন কী করতে হবে। এখানে কেউ আসাতে, কারও চলে যাওয়ার বিষয়টি পুরোপুরি গুজব। সবাই এখানে ব্যবসা করতে এসেছে। আমরা সবাই এসেছি পেশার কারণে। যার যার টা তার তার নিজস্ব বিজনেস। কারও সঙ্গে কারও কোনো সম্পর্ক নেই। জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে আমি যুক্ত হওয়ার পর মাহিকে বের করে দেওয়া হয়েছে—এই কথাটা আমি বলিনি, আমার ধারণা সেও বলেনি। এই কথাগুলো ছড়াচ্ছে তৃতীয় পক্ষ। আরেকটা কথা বলতে চাই, যার যার চরকায় তার তার তেল দেওয়া উচিত। আমি যাওয়ার পর যদি এই রকম কিছু হতো, তাহলে ওনার যেই সিনেমাগুলো এখন মুক্তির অপেক্ষায় আছে, ওইগুলো কিন্তু বাতিল হয়ে যেত। ছবিগুলো তো বন্ধ হচ্ছে না। সবাইকে বলব, এটা পুরোপুরি সবার ভুল ধারণা।

নুসরাত ফারিয়া
নুসরাত ফারিয়া


তৃতীয় পক্ষটা কে?
এটা আসলে আমি জানি না।
মাহীর সঙ্গে আপনার দেখা হয়েছে?
জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে তাঁর সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। কথাও হয়েছে। তবে আমরা কেউ কারও পূর্ব পরিচিত নই। সম্প্রতি একটি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানেও আমাদের দেখা হয়েছে। কথা হয়েছে। যতটুকু সৌজন্যবোধ দেখানো দরকার আমি তা দেখিয়েছি। মাহীর পক্ষ থেকেও তেমনটাই পেয়েছি।
আপনাকে অনেক দিন টিভি পর্দায় দেখা যাচ্ছে না?
আমি পাঁচ মাস ধরে সব ধরনের কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছি। এমনকি রেডিওতে আমার কণ্ঠ শোনাচ্ছি না। ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত টিভিতে মুখ দেখাই না। শুধুমাত্র টুকটাক পত্রিকার ফটোশুটে অংশ নিচ্ছি। এর বাইরে কোথাও আমার কোনো উপস্থিতি নেই। চলচ্চিত্রের কারণেই এই কাজটা করে যাচ্ছি। শুটিংয়ের পর আমার ছবিটা রিলিজ হতে হতে আরও ২-৩ মাস লাগবে। প্রায় একটা বছরের কাছাকাছি সময়। মানুষ যেন একটা ফ্রেশ কিছু দেখতে পায় সে কারণে বিরতি নিচ্ছি।
এই বিরতির কারণে আপনার কি কোনো সুবিধা হবে বলে মনে করেন?
এখানে একটা সুবিধা অবশ্যই আছে। আমি গত তিন বছরে প্রায় সাত শ’র মতো টিভি লাইভ করেছি। প্রচুর ইভেন্টস উপস্থাপনা করেছি। ছিল অনেক বাণিজ্যিক শোও। তখন টিভি খুললেই সবাই আমাকে দেখেছে। ওই সময়টাতে আমার একটা চাহিদাও তৈরি হয়েছে। বিরতির কারণে আমাকে এখন আর সেভাবে কেউ দেখতে পাচ্ছে না। এতে করে নতুন করে অনেকেরই আমাকে দেখার একটা স্পৃহা তৈরি হবে। যাঁরা আমাকে একটু-আধটুও পছন্দ করত, তাঁরাও হয়তো আমার ছবির কথা শুনলে দেখার জন্য আগ্রহী হবে। তাঁরা হয়তো এও মনে করবেন, কি করল এত দিন, যাই না দেখে আসি। বিরতির কারণে আসলে একটা নতুন ব্যাপার থাকেই। একটা ফিল্মের পেছনে যেহেতু অনেক টাকা বিনিয়োগ আছে, অনেক মানুষের পরিশ্রমও আছে-তাই নিজেকেও তো সেভাবে তৈরির একটা ব্যাপার থাকা উচিত।

কেমন সেটা?
দেখা যেত, আগে যখন শুধু শুটিং নিয়ে ব্যস্ত থাকতাম তখন শরীরের খুব একটা যত্নও নিতে পারতাম না। শুটিং না থাকার কারণে মানসিকভাবেও আমি ভালো থাকছি। বলতে পারেন, আমার জীবনটা এখন পুরোপুরি নিয়মতান্ত্রিক উপায়ে চলছে। এটাকে আর্মি স্টাইলও বলা যায়। খালি ঘুম থেকে একটু দেরিতে উঠি আর কি...। হা হা হা

উপস্থাপনায় ফেরার কোনো সম্ভাবনা আছে কী?
এই মুহূর্তে আমার উপস্থাপনা কিংবা টিভি শোতে ফেরার কোনো সুযোগ নেই। এখন নিজেকে পুরোপুরি ফিল্মের একজন হিসেবেই তৈরি করছি। আর ছবি যদি ভালো হয়ে যায়, মানুষ যদি ভালোবেসে, আমাকে গ্রহণ করে, তাহলে তো তখন নতুন কিছু ভাবতে হবে।