মাহির রেস্টুরেন্ট চালু, জানালেন নিজ হাতে খাসির পায়া বিক্রি করেছেন তিনি
কয়েক দিন আগে চিত্রনায়িকা মাহিয়া মাহি প্রথম আলোকে জানান, তিনি রেস্টুরেন্ট ব্যবসায় নামছেন। যেই কথা সেই কাজ, প্রথম রোজা থেকেই সেই রেস্টুরেন্ট চালু হয়েছে। ইফতারি বিক্রির মধ্য দিয়ে মাহি তাঁর রেস্টুরেন্টটি চালু করেছেন। ‘ফারিশতা’ নামে সেই রেস্টুরেন্ট চালু করতে পেরে ভীষণ আনন্দিত ঢালিউডের এই নায়িকা।
রেস্টুরেন্ট চালু উপলক্ষে মাহিয়া মাহি ফেসবুক লাইভেও অংশ নেন। গতকাল মাহির পোস্ট করা ফেসবুক ভিডিওতে দেখা যায়, ইফতারের বিভিন্ন আইটেম দেখাচ্ছেন তিনি। নিজ হাতে খাসির পায়া ক্রেতার হাতে তুলে দেওয়ার সে ছবিও ফেসবুকে পোস্ট করেন তিনি। আর ক্যাপশনে লেখেন, ‘আজ আমাদের ফারিশতা ইফতারের দ্বিতীয় দিন এবং কথামতো আমি নিজ হাতে খাসির পায়া বিক্রি করেছি।’
ব্যবসায় মনোযোগী হবেন ভেবে অভিনয়টা আগের চেয়ে কমিয়ে দিয়েছেন মাহি। ভবিষ্যতে কাজ আরও কমাতে চান বলেও জানান। এখন থেকে ব্যবসায় বেশি সময় দিতে চান তিনি। গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকারের সঙ্গে বিয়ের পর তাঁর ব্যবসায়ী হওয়ার চিন্তা বেশি পোক্ত হয়। স্বামীও মাহিকে ব্যবসায় মনোযোগী হওয়ার ব্যাপারে সব ধরনের সহযোগিতা করছেন। মাহি বলেন, ‘রেস্টুরেন্ট চালু করতে পেরে খুবই খুশি আমি। আমাদের রেস্টুরেন্টটির গ্র্যান্ড ওপেনিং হবে চাঁদরাতে। আপাতত প্রচারের অংশ হিসেবে ফারিশতা থেকে ইফতারি বিক্রি চলছে।’
কথায় কথায় মাহিয়া মাহি জানান, তাঁর রেস্টুরেন্টটি গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কে। তিনটি ফ্লোর নিয়ে এই রেস্টুরেন্টের আয়তন ছয় হাজার বর্গফুটের বেশি। এখানে দেশি ও বিদেশি নানা ধরনের খাবার থাকবে। রুফটপে আড্ডা দেওয়ার সুযোগও থাকছে। মাহি বলেন, ‘আমি অনেক দিন ধরে চুপচাপ ছিলাম। আমাকে আসলে এই কাজ নিয়েই ব্যস্ত থাকতে হয়েছে। সবাই তো ভাবছিলেন, আমি মা হতে যাচ্ছি, তাই সবার কাছ থেকে আড়ালে ছিলাম। সবাইকে বলতে চাই, বিষয়টা মোটেও তেমন কিছু নয়। আমি আমার মতো করে ছবির শুটিংও কিন্তু করেছি। শুটিংয়ের ফাঁকে রেস্টুরেন্টের ইন্টেরিয়রের কাজও দেখভাল করতে হচ্ছে।’
রেস্টুরেন্টের নাম ‘ফারিশতা’ রাখার কারণও জানান মাহি। বলেন, ‘এটি আমার ভীষণ পছন্দের একটি নাম। যদি কখনো মেয়ের মা হই, তাহলে তার নাম রাখব ফারিশতা।’ রেস্টুরেন্টের মান নিয়ে মাহি বলেন, ‘আমরা এক্সপার্ট শেফ নিয়োগ দিয়েছি। খাবারের মানের ব্যাপারে বিন্দুমাত্র আপস করছি না।’
মাহিয়া মাহি এই মুহূর্তে ‘অফিসার’ নামে নতুন চলচ্চিত্রের শুটিং করছেন। বদিউল আলম পরিচালিত এই চলচ্চিত্রে মাহির বিপরীতে অভিনয় করছেন ডি এ তায়েব।