‘মায়া’য় জড়ালেন রোশান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিয়াউল রোশান

‘রিভেঞ্জ’ ও ‘জামদানি’ নামে দুটি ছবির শুটিং চলছে। এর মধ্যেই নতুন আরেকটি ছবিতে যুক্ত হলেন ঢাকাই ছবির নায়ক জিয়াউল রোশান। ছবির নাম ‘মায়া’। রোশান  বলেন, ‘মাসখানেক ধরে ছবিটিতে কাজের কথাবার্তা চলছিল। বৃহস্পতিবার রাতে ছবিটিতে চুক্তি স্বাক্ষর করেছি।’

আগে এ ধরনের ছবিতে কাজ করা হয়নি বলে জানালেন রোশান। বললেন, ‘এ পর্যন্ত যতগুলো ছবিতে কাজ করেছি, সব কটিই হয় অ্যাকশন, না হয় রোমান্টিক অ্যাকশন। কিন্তু এই ছবিটি পুরোপুরি প্রেমের।’ ছবিতে রোশানের চরিত্রের নাম সজীব। চরিত্রের গল্প সম্পর্কে এই অভিনেতা জানান, বিশ্বাস–অবিশ্বাসের দোলায় একটি ছেলে একটি মেয়ের সম্পর্কে তৈরি হয় জটিলতা। একটা পর্যায়ে ট্র্যাজেডিতে রূপ নেয় সেই প্রেম।

রোশানের চুক্তির বিষয়টি নিশ্চিত করে ছবির পরিচালক জসিম উদ্দীন বলেন, ‘রোশানের সঙ্গে চুক্তি হয়েছে। তবে এখনো নায়িকা চূড়ান্ত হয়নি। কয়েকজনের সঙ্গে কথা চলছে। আশা করছি, এ মাসের শেষ নাগাদ জানাতে পারব।’

জিয়াউল রোশান
ছবি : ফেসবুক থেকে নেওয়া

এদিকে শুটিংয়ে থাকা ‘রিভেঞ্জ’ ছবির কাজ প্রায় ৭০ ভাগ ও ‘জামদানি’র কাজ প্রায় ৩০ ভাগ শেষ হয়েছে। মুক্তির অপেক্ষায় আছে ‘অপারেশন সুন্দরবন’, ‘আশীর্বাদ’, ‘সাইকো’, ‘মুখোশ’ ও ‘করপোরেট’ ছবিগুলো, জানালেন রোশান।