
সামনে পরিচালক সমিতির নির্বাচন। সমিতির কার্যালয় ঘিরে বেশ কয়েকজন পরিচালকের আনাগোনা। কিন্তু ফ্লোরগুলোতে লাইট-ক্যামেরা-অ্যাকশনের কোনো আওয়াজ পাওয়া গেল না। স্টুডিওগুলোতেও জ্বলছে না কোনো বাতি। শুধু ৩ নম্বর ফ্লোরের ভেতরটা ব্যতিক্রম মনে হলো। গত সপ্তাহের এক দুপুরে কড়ইতলা হয়ে এফডিসি ঘুরতে ঘুরতে এসব দৃশ্যই চোখে পড়ে।
৩ নম্বর ফ্লোরের সামনে যেতেই একজন বললেন, ‘ভেতরে শুটিং হয়।’ কার শুটিং? কে কে অভিনয় করছেন?—এসব প্রশ্নের জবাব খুঁজতে ফ্লোরের মূল ফটকের দিকে হাঁটা দিই। বাইরে মেঘলা আকাশ আর আবহাওয়া ঠান্ডা হলেও শুটিং সেটের ভেতরে ঢুকতেই বোঝা গেল পরিস্থিতি ‘গরম’। মূল ফটক ঠেলে ভেতরে ঢুকতেই কানে এল খল অভিনেতা মিশা সওদাগরের চিত্কার। শুনে থতমত খেয়ে থেমেই গিয়েছিলাম প্রায়। মূল ফটকের অন্ধকার অংশটুকু পেরিয়ে সামনে যেতেই পাশে দাঁড়ানো ইউনিটের একজন কানের কাছে ফিসফিস করে জানালেন, পলকে পলকে তোমাকে চাই ছবির শুটিং এটি।
ফ্লোরের ভেতর গুদামঘরের মতো সেট। প্রথম দফায় দেখেই বুঝতে বাকি রইল না যে, এটি খলনায়কের আস্তানা। মিশা সওদাগরের হুংকারে শুটিং সেটজুড়ে নীরবতা। একটি চেয়ারে দড়ি দিয়ে বাঁধা নায়ক বাপ্পী চৌধুরী। পাশেই বসা নায়িকা মাহিয়া মাহি। ক্যামেরা চলছে।
বাপ্পীকে হুংকার দিয়েই মিশা সওদাগর বললেন, ‘ওই কবুতরের বাচ্চা। তুই আমার মুখের গ্রাস কেড়ে নিতে চাস? তোর সামনেই এখন আমি বিয়ে করব বন্যাকে।’
‘কাট, কাট...ওয়েল ডান।’ মনিটরে বসে বললেন ছবিটির পরিচালক শাহনেওয়াজ শানু। বেশ ওপরে ক্রেনে বসানো ক্যামেরায় মাস্টার শটটি এভাবে নিলেন তিনি।
ততক্ষণে দড়িতে বাঁধা বাপ্পী হাসতে হাসতে চিত্কার দিচ্ছেন, ‘আমাকে খুলে দাও, খুলে দাও...!’ ইউনিটের দুজন গিয়ে তড়িঘড়ি করে খুললেন দড়ি। সেট থেকে ছাড়া পেয়ে সাজঘরের দিকে রওনা হলেন বাপ্পী।
পরের শটটি হবে মাহি ও মিশার। তাই দুই শিল্পীকে এ জন্য তাড়া দিলেন পরিচালক। প্রস্তুতি শুরু হয়ে গেল।
এই ছবি ও নির্দিষ্টভাবে এই দৃশ্যের গল্প জানিয়ে পরিচালক বললেন, ‘গল্পে মাহি এক সুপার মডেল। মিশা সওদাগর জোর করে বিয়ে করতে চান তাঁকে। কিন্তু পথের কাঁটা বাপ্পী। এ কারণে দুজনকে নিজের আস্তানায় তুলে এনেছেন মিশা সওদাগর।’
পরিচালক জানালেন, একপর্যায়ে তাঁদের মধ্যে মারপিট হবে। সেটার দৃশ্যায়নও হবে এই সেটে। আর সপ্তাহ খানেক কাজ হলেই শেষ হবে এই ছবির কাজ। ডিসেম্বরের প্রথম দিকে সেন্সরে জমা দেওয়া হবে ছবিটি। জানুয়ারিতে এটি মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানালেন পরিচালক। এই ছবির আরও অভিনয়শিল্পীরা হলেন সাদেক বাচ্চু, আহমেদ শরীফ, সিবা শানু, আরফান, জারা প্রমুখ।