
মুক্তির আগেই ব্যাপক প্রচার পেয়ে গেল নুসরাত ফারিয়া অভিনীত বস ২ ছবিটি। এই ছবির ‘আল্লাহ মেহেরবান’ নামের একটি গানটির ভিডিও ইউটিউবে প্রকাশ হওয়ার সঙ্গে তা নিয়ে নেতিবাচক মন্তব্য আসতে থাকে। ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে দাবি করে একজন আইনজীবী গানটির প্রচার বন্ধের জন্য আইনি নোটিশও পাঠান। পাঁচদিন ধরে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তর ঝড় বয়ে যাওয়ার পর গত ৩০ মে ইউটিউব থেকে ভিডিওটি প্রত্যাহার করা হয়েছে।
বস ২ সিনেমাটি আগামী ঈদে বাংলাদেশ ও ভারতে মক্তি পেতে পারে। সে উপলক্ষে গত ২৬ মে সিনেমাটির ‘আল্লাহ মেহেরবান’ নামের একটি গানের ভিডিও ইউটিউবে মুক্তি দেওয়া হয়। গানটিতে ফারিয়াকে স্বল্প পোশাকে আবেদনময়ী ভঙ্গিমায় নাচ করতে দেখা যায়। সঙ্গে সঙ্গে গানটি ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে থাকে। তাতে প্রশংসার চেয়ে নেতিবাচক সমালোচনাই বেশি হয়। তবে চলচ্চিত্র সমালোচকেরা বলেন, মুক্তির আগে আলোচনায় আসার জন্যই গানটি ইউটিউবে প্রকাশ করা হয়েছে। সে দৃষ্টিকোণ থেকে প্রযোজনা প্রতিষ্ঠান সফল হয়েছে।
একসময় উপস্থাপনা নিয়ে ব্যস্ত থাকা নুসরাত ফারিয়া আশিকী সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখান। বস ২ তাঁর সাত নম্বর ছবি। তবে শিল্পী হিসেবে তাঁকে আগে কখনো এতটা সমালোচনায় পড়তে হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ প্রশংসা করলেও বেশির ভাগই ভিডিওটি অপসারণের দাবি করেন। এদের অনেকে ফারিয়ার উদ্দেশে অশালীন মন্তব্যও করেন।
এ বিষয়ে নুসরাত ফারিয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা যখন কোনো সিনেমায় কাজ করি, তখন শুধু অভিনয়শিল্পী হিসেবেই কাজ করি। একজন অভিনয়শিল্পীকে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে হয়। অনেক কিছু উপস্থাপন করতে হয়। এই গানেও গল্পের খাতিরে পরিচালকের নির্দেশে এসব আমাকে করতে হয়েছে।’
ফারিয়া আরও বলেন, ‘আমি জানি অনেকে আমাকে গালি দিচ্ছেন। আমার মনে হয় সবার এতটুকু বিবেকবোধ ও বিবেচনা থাকা উচিত যে, এসব কখনোই শিল্পীর সিদ্ধান্তে হয় না। শিল্পী তাঁর নিজের পছন্দমতো গানের সঙ্গে পোশাক পরে নাচ করে না। তবে আমার মতে এই গানে খারাপ কিছু নেই। আমাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে তার পেছনেও কারণ আছে। পুরো সিনেমা না দেখলে এটা দর্শক কখনোই বুঝতে পারবে না।’
নিজের বক্তব্যের পেছনে যুক্তি তুলে ধরে ফারিয়া বলেন, অবাক লাগে যখন ‘মাশাল্লাহ মাশাল্লাহ’ গানের সঙ্গে ক্যাটরিনা কাইফ খোলামেলা পোশাকে যখন নাচ করেন, তখন সবাই হুমড়ি খেয়ে পড়ে বলেন, দারুণ দারুণ দারুণ ...। আর আমরা একই রকম কিছু করলে প্রশংসার বদলে গালি খেতে হয়।
‘আল্লাহ মেহেরবান’ গানটি নিয়ে যখন সমালোচনার ঝড় বইছিল, তখন হুজ্জাতুল ইসলাম খান নামের একজন আইনজীবী সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নামে উকিল নোটিশ পাঠান। তাতে নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে সব মাধ্যম থেকে গানটি সরিয়ে নিতে বলা হয়েছে। নোটিশের কপি তথ্য মন্ত্রণালয় ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক, পুলিশের আইজি, সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে বরাবরেও পাঠানো হয়।
নোটিশের পরিপ্রেক্ষিতে জাজ মাল্টিমিডিয়া ভিডিওটি প্রত্যাহার করে নেয়। এ বিষয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবদুল আজিজ প্রথম আলোকে বলেন, সাধারণ মানুষের মতামতকে মূল্য দিয়েই ইউটিউব থেকে গানটি সরিয়ে নেওয়া হয়েছে।
প্রাঞ্জলের কথায় জিৎ গাঙ্গুলীর সুর ও সংগীতে ‘আল্লাহ মেহেরবান’ গানটিতে কণ্ঠ দিয়েছেন নাকাশ ও জনিতা। যতই সমালোচনা হোক, প্রত্যারের আগে ছয় লাখের বেশি লোক ইউটিউবে ভিডিওটি দেখেছেন।