মুম্বাইয়ের শাহরুখকে হারালেন ঢাকার শাকিব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাকিব খান-শাহরুখ খান
শাকিব খান-শাহরুখ খান

ঢাকার সিনেমা হলগুলোতে একই সময়ে মুক্তি পায় মুম্বাইয়ের শাহরুখ খান ও ঢাকার শাকিব খানের দুটি ছবি। শাহরুখের ডন টু  (২০১১) এবং শাকিবের এই তো প্রেম (২০১৫)। সিনেমা হল সংশ্লিষ্টরা বলছেন, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে মুক্তি পাওয়া দুটি ছবির কোনোটিই আশানুরূপ ব্যবসা করতে পারেনি। তবে তুলনামূলকভাবে শাকিব খানের সিনেমাটি দর্শকেরা বেশি দেখেছেন। বুকিং এজেন্ট সমিতির উচ্চপদস্থ একজন কর্মকর্তা এমনটাই মনে করেন।

শাকিবের এই তো প্রেম ছবির দৃশ্য
শাকিবের এই তো প্রেম ছবির দৃশ্য

‘বাংলাদেশের সিনেমা দর্শকেরা শাকিব খানকে যেভাবে গ্রহণ করেন মুম্বাইয়ের কোনো নায়ককেই সেভাবে গ্রহণ করতে প্রস্তুত নন।’ শাকিবের এই তো প্রেম এবং শাহরুখের ডন টু ছবির ব্যবসায়িক সাফল্যের বিষয়টি তুলে ধরে এমন মন্তব্যই করলেন বাংলাদেশ চলচ্চিত্র বুকিং এজেন্ট সমিতির সভাপতি সারোয়ার আলী ভূঁইয়া।

তিনি জানান, শাহরুখের ‘ডন টু’ ছবি ব্যবসায়িকভাবে ব্যর্থ হলেও শাকিবের ‘এই তো প্রেম’ ছবিটির ব্যবসা নিয়েও মোটেই সন্তুষ্ট নয় বুকিং এজেন্ট সমিতি। সিনেমা মুক্তির তিন দিন না পেরোতেই অনেক হল মালিক ডন টু ছবিটি প্রেক্ষাগৃহ থেকে নামিয়ে ফেলতে বাধ্য হয়েছেন। অন্যদিকে শাকিব খানের এই তো প্রেম ছবিটি সপ্তাহখানেক পেরোনোর পর হল মালিকেরা আগ্রহ হারিয়ে ফেলেন। তাঁদের ভাষ্য, শাকিবের যে কোনো ছবির প্রতি সব সময়ই হল মালিকদের অন্যরকম একটা আগ্রহ থাকে। দর্শকেরা শাকিব খানকে দেখার জন্য অন্তত একবারের জন্য হলেও সিনেমা হলে ঢুঁ মারেন। এই ছবিটির ক্ষেত্রেও হল মালিকদের তেমনটাই আশা ছিল। কিন্তু মুক্তির পর দেখা গেল ছবিটি কোনোভাবেই দর্শক টানতে পারছে না। বলা যেতে পারে, গত দুই-এক বছরে শাকিব খানের যেসব ছবি মুক্তি পেয়েছে তার মধ্যে ‘এই তো প্রেম’ ব্যবসায়িকভাবে সবচেয়ে বেশি ব্যর্থ হয়েছে। কারণ হিসেবে জানালেন, ‘ছবিটির গল্প মুক্তিযুদ্ধভিত্তিক হলেও চিত্রনাট্য ও চিত্রায়ণে মুক্তিযুদ্ধের আবেদন অতটা ফুটে ওঠেনি। এ ছাড়া দর্শক আকর্ষণের ক্ষেত্রে সিনেমার পোষ্টার-বিলবোর্ড একটি গুরুত্বপূর্ণ বিষয় হলেও এই সিনেমার ক্ষেত্রে তাতে অযত্ন আর অবহেলার ছাপ রয়েছে বলে আমাদের মনে হয়েছে।’

শাহরুখের ডন টু ছবির দৃশ্য
শাহরুখের ডন টু ছবির দৃশ্য



স্যাটেলাইট টেলিভিশন ও ডিভিডিতে মুম্বাইয়ের সিনেমা দেশের অনেক মানুষ দেখলেও সিনেমা হলের বড় পর্দায় গিয়ে এখনো ঢাকাই সিনেমারই চাহিদা বেশি বলে মনে করছেন এই সমিতির নেতারা। দেশের প্রেক্ষাগৃহে দর্শক বাংলা ছবি দেখতেই বেশি অভ্যস্ত। আর যাঁরা হিন্দি সিনেমা দেখেন, তাঁরা প্রেক্ষাগৃহে যান না। ঢাকা ও ঢাকার আশপাশের সিনেমা হলগুলোতে শাহরুখ খান অভিনীত ডন টু ছবির ব্যবসায়িকভাবে ব্যর্থ হওয়ার কারণও একই বলে মনে করছেন তাঁরা।

বাংলাদেশ চলচ্চিত্র বুকিং এজেন্ট সমিতির কাছ থেকে প্রাপ্ত তথ্যমতে এই তো প্রেম ছবিটি ৫২টি আর ডন টু মুক্তি পেয়েছে ৮টি সিনেমা হলে। তবে এই তো প্রেম ছবির নির্মাতা সোহেল আরমান দাবি করেছিলেন তাঁর ছবিটি ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।