মেধাবী শিক্ষার্থীর পাশে আরিফিন শুভ

সিনেমায় নয়, বাস্তবে এক মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন চিত্রনায়ক আরিফিন শুভ। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ওই শিক্ষার্থী মস্তিষ্ক ও মেরুরজ্জু সংযুক্ত জটিল স্নায়ুতান্ত্রিক রোগ মাল্টিপল স্কেলেরসিসে আক্রান্ত। ফলে মেরুদণ্ড বাঁকা ও সংযোগ হাড়গুলো ক্ষয়ে যাচ্ছে তার। আরিফিন শুভ বলেন, ‘কিছুদিন আগে মেধাবী ওই মেয়ের কিছু বন্ধু ফেসবুকের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানান। তারপর আমি ওই মেয়ে ও তার মা–বাবার সঙ্গে দেখা করি। মেয়েটি পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তি পেয়েছে এবং এসএসসিতে গোল্ডেন এ-প্লাস নিয়ে পাস করেছে। তার স্বপ্ন চিকিৎসক হওয়া। কিন্তু রোগের কারণে তার স্বপ্ন বাধাগ্রস্ত হচ্ছে। এমন মেয়ে হারিয়ে যাক, তা আমরা কেউই চাই না। তাই যতটুকু পেরেছি সাহায্য করেছি।’
শুভ অনুরোধ জানান, সমাজের বিত্তবান ব্যক্তিরা যেন এমন মেধাবীদের পাশে দাঁড়ান। শুভ বর্তমানে ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন। এরই ফাঁকে নিয়মিত খোঁজখবর নিচ্ছেন ওই মেয়ের।